কানসাস সিটি: সময়টা ২০০৭ সালের ৫ জুন। বার্সেলোনার ন্যু ক্যাম্পে আলজেরিয়ার মুখোমুখি আর্জেন্তিনা। সেবাস্তিয়ান ভেরন, হুয়ান রিকেলমের মতো ফুটবলারের উপস্থিতিতে আলবিসেলেস্ত ব্রিগেডের মানরক্ষা করেছিলেন বছর কুড়ির এক তরুণ। সেদিন তাঁর জোড়া গোলের সুবাদে আফ্রিকার দেশটির বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ডিয়েগো মারাদোনার দেশ। এরপর বুয়েনস আইরেসের রিও ডে লা প্লাটা দিয়ে বয়েছে অনেক জল। সেদিনের ওই ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটার হাত ধরেই চার বছর আগে তৃতীয়বারের জন্য বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্তিনা। তিনি আর কেউ নন, লায়োনেল মেসি। দীর্ঘ ১৯ বছর পর আলজেরিয়ার বিরুদ্ধে নামার আগে ফের একবার তাঁর বাঁ পায়ের জাদুর দিয়েই তাকিয়ে গোটা বিশ্ব।
আন্তর্জাতিক সার্কিটে দ্বিতীয়বারের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে আর্জেন্তিনা ও আলজেরিয়া। ধারেভারে দু’দলের মধ্যে বিস্তর ফারাক। তবে বিশ্বকাপের আসরে অঘটন যে কোনো দিন ঘটতেই পারে। আর চার বছর আগে সৌদির কাছে হারটা নিশ্চয়ই মনে আছে স্কালোনি ব্রিগেডের। তাই আলজেরিয়া ম্যাচের ২৪ ঘণ্টা আগে যাবতীয় পরিকল্পনা গোপন রাখতে অনুশীলনের দ্বার বন্ধ রাখছেন মেসিদের হেড স্যার। এমনকি, বুধবার ম্যাচে প্রথম একাদশ কেমন হবে, তা নিয়েও ধোঁয়াশা অব্যাহত। গত কয়েকদিন অনুশীলনে বিভিন্ন ফর্মেশনে দলকে পরখ করে নিয়েছেন তিনি। মূলত ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজাতে পছন্দ করেন স্কালোনি। তবে ২০২৪ কোপা আমেরিকা থেকে সেটা ৪-৪-২ হয়ে দাঁড়িয়েছে। আর মার্কিন মুলুকে পা রেখে আবার ৫-৩-২ ফর্মেশনেও দলকে ঝালিয়ে নেন তিনি। মূলত বিপক্ষের প্রতি-আক্রমণ সামলাতে দ্রুত রক্ষণে লোক বাড়াতে এই পথে হাঁটছেন তিনি। এক্ষেত্রে থিয়াগো আলমাদার সঙ্গে উইং থেকে ঝড় তুলতে দেখা যাবে গুইলিয়ানো সিমিওনেকে। তবে আলজেরিয়ার বিরুদ্ধে ৪-৪-২ ফর্মেই দল সাজাতে পারেন স্কালোনি।
বুধবার আর্জেন্তিনা বনাম আলজেরিয়া ম্যাচে নজর থাকবে জিদান পুত্র লুকার দিকে। বাবার পথে না হেঁটে ফ্রান্সের বদলে আলজেরিয়াকে বেছে নিয়েছেন এই দুর্গপ্রহরী। আর দেশের জার্সিতে অভিষেকেই তাঁকে সামলাতে হবে লিও মেসিকে। ম্যাচের আগে বাবা জিনেদিন জিদানের মূল্যবান পরামর্শ পৌঁছে গিয়েছে তাঁর কাছে। কারণ, ক্লাব ফুটবলে দীর্ঘ সময় মেসিকে রোখার স্ট্র্যাটেজি কষেছেন জিজু।