Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের জোড়া গোলে নায়ক লায়োনেল মেসি, প্লে-অফের টিকিট নিশ্চিত ইন্তার মায়ামির

ইন্তার মায়ামির জার্সিতে স্বপ্নের ফর্ম অব্যাহত লায়োনেল মেসির। বৃহস্পতিবার নিজে দু’টি গোল করলেন। একটি করালেন।

ফের জোড়া গোলে নায়ক লায়োনেল মেসি, প্লে-অফের টিকিট নিশ্চিত ইন্তার মায়ামির
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিউ ইয়র্ক সিটি- ০               :               ইন্তার মায়ামি- ৪
(বালতাসার, মেসি-২, সুয়ারেজ)

Advertisement

নিউ ইয়র্ক: ইন্তার মায়ামির জার্সিতে স্বপ্নের ফর্ম অব্যাহত লায়োনেল মেসির। বৃহস্পতিবার নিজে দু’টি গোল করলেন। একটি করালেন। আর আর্জেন্তাইন মহাতারকার এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অ্যাওয়ে ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে চার গোলের মালা পরাল ডেভিড বেকহ্যামের দল। একইসঙ্গে লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের টিকিট পাকা করল হাভিয়ের মাসচেরানো-ব্রিগেড। মেসি ছাড়া ইন্তার মায়ামির হয়ে স্কোরশিটে নাম তোলেন বালতাসার রডরিগেজ ও লুইস সুয়ারেজ। এই জয়ের সুবাদে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল তারা। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে মেসিরা। তবে দু’টি ম্যাচ কমও খেলেছেন তাঁরা। অর্থাৎ লিগের বাকি সব ক’টি ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের জন্য এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতবে ইন্তার মায়ামি।
আগামী বছর মার্কিন মুলুকে দেশের জার্সিতে কেরিয়ারের শেষ বিশ্বকাপে মাঠে নামবেন লিও মেসি। তবে ক্লাব ফুটবলে এখনই অবসরের কোনও ভাবনা নেই বাঁ পায়ের জাদুকরের। মাঠের পারফরম্যান্সেই সেটা স্পষ্ট। চলতি মরশুমে ইতিমধ্যেই তাঁর নামের পাশে রয়েছে ৩২টি গোল। এরমধ্যে মেজর লিগ সকারে ২৩ ম্যাচে ২৪বার জাল কাঁপিয়েছেন এলএমটেন। শেষ ছ’টি ম্যাচের মধ্যে বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য জোড়া গোল করলেন তিনি। ম্যাচে সুয়ারেজকে দিয়ে পেনাল্টি না মারালে, হ্যাটট্রিকও করতে পারতেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ