


আমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে বাড়ছে সিংহের সংখ্যা। চলতি বছরের জানুয়ারির হিসাব অনুযায়ী গুজরাতে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯১। পাশাপাশি জানা গিয়েছে, মাত্র তিন বছরে ৩২২টি সিংহের মৃত্যু হয়েছে। এই তথ্য বনদপ্তরের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। সিংহ শুমারির এই তথ্য গুজরাত বিধানসভায় পেশ হয়েছে। ৩২২ মৃত্যুর খবরেই উঠে আসছে চোরাশিকার থেকে শুরু করে অস্তিত্ব সংকটের মতো প্রসঙ্গ। সব ক্ষেত্রেই মৃত্যু স্বাভাবিক নয়। এক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত কী গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, গুজরাতে জীবিত ৮৯১ পশুরাজের মধ্যে ২৫৫টি সিংহ, ৪০৫টি সিংহী এবং ২৩১টি শাবক। অন্যদিকে, সেখানে ২০২৪ সালের শুরু থেকেই সিংহ মৃত্যুর হার বেড়েছে। ওই বছর ৪০টি সিংহ, ৪৪টি সিংহী ও ৭৯টি শাবকের মৃত্যু হয়েছে। তার পরের বছরও এই প্রবণতা বন্ধ হয়নি। বরং ওই বছর ৩২টি সিংহ, ৪৪টি সিংহী এবং ৬৬টি শাবক। এমনকী চলতি বছরের প্রথম মাসেই তিনটি করে সিংহ, সিংহী ও শাবকের মৃত্যু হয়েছে। এই পরিংসখ্যানের মধ্যে বনদপ্তরের সবচেয়ে চিন্তা বাড়িয়েছে শাবক ও পূর্ণবয়স্ক সিংহের মৃত্যু। সরকারি তরফে জানানো হয়েছে, সিংহের সংখ্যা যেমন বেড়েছে, সেইভাবে মৃত্যুও হয়েছে। কীভাবে এই মৃত্যু রোখা যায়, সেটাই এখন বনবিভাগের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।