Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাইনে উল্টে গেল পিকআপ ভ্যান, লাল পতাকা দেখে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস

লাইনে উল্টে গেল পিকআপ ভ্যান, লাল পতাকা দেখে দাঁড়াল রাজধানী এক্সপ্রেস
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: লাল পতাকা দেখিয়ে রাজধানী এক্সপ্রেসকে থামানোয় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে এনজেপিগামী রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের বটতলা রেলগেট সংলগ্ন এলাকায়। 
Advertisement
এদিন দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বটতলা রেলগেট কর্মীর কাছে রাজধানী এক্সপ্রেস আসছে খবর আসে। গেটম্যান গেট নামাতে যান। কিন্তু সেই সময় দ্রুত গতিতে লাইন পার হতে গিয়ে একটি পিকআপ ভ্যান গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায়। কি করবেন, ভেবে পাচ্ছিলেন না গেটম্যান। তিনি লাল পতাকা নিয়ে ছুটে যান লাইনের ধারে। লাল ঝান্ডা দেখতে পেয়ে রাজধানী এক্সপ্রেসের চালক ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস। 
পরে চলে আসে রেল পুলিস সহ ধূপগুড়ি থানার পুলিস। গাড়িটিকে লাইন থেকে সরিয়ে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হয়। প্রত্যক্ষদর্শী শিবু রায় বলেন, গেটম্যান রেলগেট নামাচ্ছিলেন। পিকআপ ভ্যান চালক দ্রুত পার হতে গিয়েই এই বিপত্তি। গেটম্যান ও লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনা থেকে রাজধানী এক্সপ্রেস রক্ষা পেল। 
এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও কপিঞ্জলকিশোর শর্মা বলেন, আমরা নিয়মিত প্রচার চালাই। তারপরেও এমন ঘটনা। গাড়ি চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  
সম্পর্কিত সংবাদ