হালকা শীতের ফ্যাশন
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শীত এ শহরে স্বল্প দিনের অতিথি। রঙিন পোশাক, হরেক রকমের খাবার, উৎসব আনন্দে ভরে থাকে শীতের কয়েকটা দিন। তা ঘিরে বাঙালির নস্টালজিয়াও কম নয়। শীতকালীন অনুষ্ঠান হোক বা প্রতিদিনের অফিস, সাজ হতে হবে মনের মতো। এখনও তেমন জাঁকিয়ে শীত পড়েনি। হালকা শীতের আমেজে ভাসছে কলকাতা। এই আবহাওয়ায় কেমন হবে আপনার সাজ? 

Advertisement

রঙের খেলা
গ্রীষ্মপ্রধান দেশে সারাবছর তেমন রঙিন পোশাক পরা হয় না। প্যাস্টেল শেডে কেটে যায় ঘরোয়া অনুষ্ঠান থেকে কর্মক্ষেত্রের স্টাইল। কিন্তু শীত মানের নানা রঙের খেলা। অভিষেক জানালেন, এখন আবার উজ্জ্বল রং ফ্যাশনে ট্রেন্ডিং। লাল, কমলা, ফুশিয়া পিঙ্ক, ডার্ক গ্রিন, হলুদের মতো রং বেছে নিতে পারেন। পোশাকে যদি নানা রং থাকে, তাহলে মেকআপ হবে ন্যুড। অ্যাকসেসরিজও হালকা রাখতে হবে।
ফ্যাব্রিকে নজর
সুতি, খাদি, মলমলের মতো ফ্যাব্রিক আপাতত আলমারিতে তুলে রাখুন। এই ধরনের ফ্যাব্রিক বছরের অন্য সময় পরা যাবে। শীতের দিনে জোর দিন তসর এবং সিল্কে। শাড়ি পরলে একরঙা সিল্ক, তসর প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরুন। মুর্শিদাবাদের সিল্ক, বিষ্ণুপুরের সিল্ক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার তসর প্রতিদিনের পোশাকের তালিকায় রাখতে পারেন। আবার তসরের উপর কাঁথার কাজ, সিল্কে বালুচরি, তসর জামদানি, বিভিন্ন প্রদেশের সিল্ক শীতের অনুষ্ঠানে পরতে পারেন।   
শাড়ি ছাড়াও নানারকম পোশাকে নিজেকে সাজাতে পারেন। সেক্ষেত্রে মোটা কটনের ড্রেস, কুর্তি পরতে পারেন। উলেন ফ্যাব্রিক পরার সময় এখনও আসেনি। তাই এমন ধরনের পোশাক পরুন, যা হালকা শীতে আরামদায়ক। মোডাল, ভেলভেট, ডেনিমও ট্রাই করতে পারেন। লেদার বা ফারের হালকা জ্যাকেটও স্টাইলিংয়ে কাজে লাগতে পারে। 
স্টোল দিয়ে ভোলবদল
শার্ট হোক বা শাড়ি, স্টোল কিন্তু অনেক রকম পোশাকের সঙ্গে মানানসই। শুধু নানাভাবে ড্রেপিং বদলে নিতে হবে। ধরুন, একরঙা ড্রেস পরেছেন, সঙ্গে ক্যারি করুন কালারফুল স্টোল। শার্টের সঙ্গেও ব্যবহার করতে পারেন। আবার শাড়ি পরলেও স্টোলের স্টাইল আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। সহজে কীভাবে পরবেন? একনজরে জেনে নিন।
• স্টোলটিকে সমান দুই ভাগে ভাঁজ করে গলায় পেঁচিয়ে নিন। এবার একপাশের খোলা অংশটি অন্যপাশের লুপ বা ভাঁজের মধ্য দিয়ে গলিয়ে টেনে নিন। এটি দেখতে খুব স্টাইলিশ লাগে। 
• স্টোলটি ভাঁজ না করে যেকোনো একদিকের কাঁধের ওপর ঝুলিয়ে দিন। এটি কুর্তি বা লং ড্রেসের সঙ্গে দারুণ মানাবে।
• স্টোলটি গলায় একবার বা দু’বার আলগাভাবে পেঁচিয়ে নিন, যাতে সামনের অংশটি ঝুলে ফানেল বা ঢেউয়ের মতো আকৃতি তৈরি করে।
• স্টোলের দুই প্রান্ত পেছনে নিয়ে বেঁধে নিন। সামনের অংশটি ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো ঝুলিয়ে রাখুন।
• স্টোল দুই কাঁধ দিয়ে সোজা নিচের দিকে ঝুলিয়ে দিন। এবার কোমরের কাছে একটি সুন্দর বেল্ট বা কোমরবন্ধনী দিয়ে স্টোলটি আটকে নিন। এটি ইন্দো-ওয়েস্টার্ন লুকের জন্য পারফেক্ট।
• স্টোলের মাঝের অংশটি গলার সামনে রাখুন এবং দুই প্রান্ত ঘাড়ের পিছন দিয়ে ঘুরিয়ে আবার সামনের দিকে ঝুলিয়ে দিন।
• গলায় সাধারণ একটা প্যাঁচ দিয়ে স্টোলের দু’টি প্রান্তকে সামনে এনে হালকা করে একটি গিঁট বেঁধে দিন। এতেও দেখতে ভালো লাগে।
পায়ের যত্ন
সারা বছরই পায়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। বিশেষত শীতকালীন ফ্যাশনে পা ঢাকা জুতো পরা উচিত। অ্যাঙ্কল বুট, ক্লাসিক ক্যানভাস, স্টাইলিশ স্নিকার্স এই সময়ের জন্য আদর্শ। সঙ্গে রঙিন মোজা পরুন। নানা ধরনের প্রিন্টেড এবং সলিড কালারের মোজা এখন ফ্যাশনে ট্রেন্ডিং। কোনোটা গোড়ালি পর্যন্ত ঢাকা। কোনোটা আবার হাঁটুর একটু নীচে পর্যন্ত ঢাকা থাকেষ পা ঢেকে রাখলে একদিকে যত্ন নেওয়া হবে। অন্যদিকে স্টাইলও হবে মনের মতো।