নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, বালুরঘাট: ধাপে ধাপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় বিন্দুমাত্র লক্ষণ নেই গরম কমার। দক্ষিণ দিনাজপুর জেলায় বিকেলে মুষলধারে বৃষ্টি নামে। ফলে বিভিন্ন জায়গায় জল জমে যায়। রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় আমন ধান, পাট চাষে এর ইতিবাচক প্রভাব পড়েছে বলে অনুমান উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তরের। তাদের বক্তব্য, মরশুমের এই বৃষ্টি আমন চাষে যথেষ্ট প্রয়োজন। এখন পাট ওঠারও সময়। ফলে জলের প্রয়োজন আছে। এই বৃষ্টি গ্রাম্য জলাশয়গুলিকে পুষ্ট করে। যাঁরা বর্ষার মরশুমে উঁচু জমিতে ঢেড়শ, পটল, লংকার মতো সবজি চাষ করে, তাঁদের জন্যও এই বৃষ্টি ইতিবাচক।



