নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ-মায়ানমার উপকূলে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করেছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট নিম্নচাপটি উপকূলের খুব কাছাকাছি চলে যাওয়ায় এটি আর খুব বেশি শক্তি বৃদ্ধি করবে না বলেই মনে হয়। নিম্নচাপটি এরাজ্যের উপর কোনও প্রভাব ফেলবে না। তবে বঙ্গোপসাগরের দিক থেকে পুবালি বাতাস সক্রিয় হওয়ায় আজ বুধবার দুই ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকার কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সারা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। দার্জিলিংয়ে এই মরশুমে প্রথম সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। দার্জিলিং শহরের একটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি। সমতল এলাকার মধ্যে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আলিপুরদুয়ারে (১৭ ডিগ্রি)। দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এবার ২০ ডিগ্রি সেলসিয়াসের কম হল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ২১.৪ ডিগ্রি হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, রাজ্যজুড়ে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে তাপমাত্রা কিছুটা ওঠা-নামা করবে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সেটা কিছুটা কমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ২১ থেকে ২৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।