সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রবিবার বনগাঁ স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এক সময়ে বনগাঁর খেলাধুলার মান রাজ্যের মধ্যে অন্যতম সেরা ছিল। বিগত দিনে খেলাধুলার সেই মান তলানিতে ঠেকেছে। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তবে মন্ত্রীর দাবি, বনগাঁর খেলাধুলার মান ফেরাতে গেলে আগে যাঁরা ক্রীড়া সংস্থাগুলির পদ আঁকড়ে বসে আছেন, তাঁদেরকে সরাতে হবে। ক্রীড়া জগতের মানুষকে ওই পদে বসিয়ে খেলাধুলার মান উন্নয়নের বার্তা দেন মন্ত্রী। বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি, বনগাঁ স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা। এদিন সে প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এলাকাবাসীদের দাবি মেনে মাঠে আলোকস্তম্ভ বসানোর বিষয়েও দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করব।



