সংবাদদাতা, দুর্গাপুর: লোহার রড বোঝাই লরি হাইজ্যাকের ঘটনায় দুর্গাপুর কোকওভেন থানার পুলিস এক লরির চালককে গ্রেপ্তার করেছে। ঘটনায় হাইজ্যাক হওয়া লরি ও কিছু পরিমাণ লোহার রড উদ্ধার করেছে। ধৃতের নাম তন্ময় গড়াই। তার বাড়ি কাঁকসা থানার পানাগড় এলাকায়। ধৃতকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছিল, গতমাসে অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা থেকে ২৫ টন লোহার রড মালদা যাওয়ার পথে হাইজ্যাক হয়ে যায়। বেসরকারি পণ্য পরিবহণ সংস্থা থেকে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে লরির চালককে গ্রেপ্তার করে। ডাইমন্ড হারবার থেকে লরি ও ১৩ টন লোহার রড উদ্ধার হয়েছে। পুলিস ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।



