Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লহরিয়া মন্দির সংলগ্ন এলাকায় পর্যটকদের সুবিধার জন্য পুলিস ক্যাম্পের দাবি বিধায়কের

লহরিয়া মন্দির সংলগ্ন এলাকায় পর্যটকদের সুবিধার জন্য পুলিস ক্যাম্পের দাবি বিধায়কের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: বাঘমুণ্ডি লহরিয়া মন্দির সংলগ্ন এলাকায় পুলিস ক্যাম্পের দাবি জানালেন বাঘমুণ্ডির বিধায়ক। লহরিয়াতে পর্যটন কমিটির সঙ্গে প্রশাসনিক কর্তাদের বৈঠকে এই দাবি জানান বিধায়ক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিস। 
Advertisement
প্রসঙ্গত রবিবার বিকালে বাঘমুণ্ডির লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কমিটির সঙ্গে বৈঠক করে পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। ওই বৈঠকে বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত ছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সহ ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। ওই প্রশাসনিক বৈঠকে এলাকার বাসিন্দাদের দাবির কথা তুলে ধরেন বিধায়ক। সুশান্তবাবু বলেন, পুরুলিয়া জেলা পুলিস সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিষেবা পৌঁছে দিতে জেলায় নতুন নতুন পুলিস ক্যাম্পের সূচনা করেছে। সম্প্রতি অযোধ্যা পাহাড় লাগোয়া বেগুনকোদরেও নতুন পুলিস ক্যাম্পের সূচনা হয়েছে। ওই ধরনেরই পুলিস ক্যাম্প লহরিয়া মন্দির সংলগ্ন এলাকায় করার দাবি রয়েছে এলাকার বাসিন্দাদের। জেলা পুলিসের আধিকারিকদের কাছে স্থানীয় বাসিন্দাদের সেই দাবি তুলে ধরা হয়েছে। লহরিয়া পর্যটন কেন্দ্রে একদিকে যেমন প্রচুর মানুষ আসেন, তেমনি বাঘমুণ্ডি হয়ে পাহাড়ে যাঁরা বেড়াতে আসেন, তাদের অধিকাংশ বাস ওই এলাকাতেই থাকে। বিশেষ দিনগুলিতে দেড় শতাধিক বাস ওই এক জায়গায় থাকে। তিনি আরও বলেন, লোয়ার ড্যাম হয়ে অযোধ্যা পাহাড়ে ওঠার মুখে এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার অন্যান্য প্রান্তের মতো লহরিয়া মন্দির সংলগ্ন এলাকাতে নতুন একটি পুলিস ক্যাম্প তৈরির প্রস্তাব জেলা পুলিসের আধিকারিকদের দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পুলিস উদ্যোগী হলে প্রয়োজনে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেও ওই ক্যাম্প তৈরির ক্ষেত্রে সাহায্য করা হবে। 
অন্যদিকে ওই বৈঠকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে জোর দেন পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি ওই বৈঠকে বলেন, পর্যটকদের যাতে কোনও মতেই হেনস্তার শিকার হতে না হয়, সে বিষয়টি পর্যটন কমিটিকেও খেয়াল রাখতে হবে। পর্যটন কেন্দ্রগুলিতে সহায় অ্যাপের প্রচার আরও বাড়াতে হবে। ওই অ্যাপের মাধ্যমে পর্যটকরা কোথাও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে যেমন জানাতে পারবেন, পুলিসও দ্রুত ওই এলাকায় পৌঁছতে পারবে। আরও জানা গিয়েছে, পর্যটকদের গাড়ির চালকদের লাইসেন্স যাতে অবশ্যই থাকে, সেই বিষয়টি কমিটিকেও সক্রিয়ভাবে দেখার কথা বলেন পুলিস কর্তারা। সেই সঙ্গে পর্যটকদের নিয়ে যাওয়া অনেক গাড়িতে ফিটনেস সার্টিফিকেট থাকে না বলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। ওই বিষয়টিও কমিটিকে সচেষ্টভাবে দেখার কথা বলেন জেলা পুলিস কর্তারা।
সম্পর্কিত সংবাদ