Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিওয়ানডস্কির দুরন্ত হ্যাটট্রিক, লা লিগায় বড় জয় বার্সেলোনার, সকলের আড়ালে ক্যাম্প ন্যুয়ে ফিরলেন মেসি

২০২১ সালের ৫ আগস্টের পর ৯ নভেম্বর, ২০২৫। দীর্ঘ চার বছর বাদে ফের ক্যাম্প ন্যুয়ের সবুজ গালিচায় পা রাখলেন লায়োনেল মেসি। তবে নীরবে।

লিওয়ানডস্কির দুরন্ত হ্যাটট্রিক, লা লিগায় বড় জয় বার্সেলোনার, সকলের আড়ালে ক্যাম্প ন্যুয়ে ফিরলেন মেসি
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: ২০২১ সালের ৫ আগস্টের পর ৯ নভেম্বর, ২০২৫। দীর্ঘ চার বছর বাদে ফের ক্যাম্প ন্যুয়ের সবুজ গালিচায় পা রাখলেন লায়োনেল মেসি। তবে নীরবে। রবিবার রাতে হঠাৎই নবনির্মিত বার্সেলোনার ঘরের মাঠ ঘুরে দেখলেন আর্জেন্তাইন মহাতারকা। সোমবার ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি পোস্ট করলেন লিও। আর ক্যাপশনে পরতে পরতে ছিল আবেগের বিস্ফোরণ। লিও লেখেন, ‘গত রাতে আমি সেই জায়গায় ফিরে গিয়েছিলাম, যা আজও খুব মিস করি। এমন এক জায়গা, যেখানে বারবার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হত। আশা করি, একদিন আবার ফিরব— তবে কেবল বিদায় জানাতে নয়। কারণ সেটা আমি কখনও করতে পারিনি।’ মেসির এই পোস্টের পরই বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়, ‘লিও, তোমার নিজের ঘরে সবসময় স্বাগত।’

Advertisement

আর্থিক সমস্যার কারণে ২০২১ সালে মেসির সঙ্গে চুক্তি নবীকরণ করতে পারেনি বার্সেলোনা। তাই বাধ্য হয়ে প্রাণের চেয়ে প্রিয় ক্লাবকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন নীল-সাদার মহাতারকা। যোগ দেন পিএসজি’তে। আর বর্তমানে ইন্তার মায়ামির জার্সিতে খেলছেন মেসি। তবে তাঁর হৃদয় জুড়ে যে আজও বার্সেলোনা রয়েছে, তা রবিবার রাতে বুঝিয়ে দিলেন বাঁ পায়ের জাদুকর।
এদিকে, লা লিগায় বড় জয় পেল বার্সেলোনা। রবিবার অ্যাওয়ে ম্যাচে সেলতা ভিগোকে ৪-২ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক রবার্ট লিওয়ানডস্কির। এছা‌ড়া স্কোরশিটে নাম তোলেন লামিনে ইয়ামাল। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল কাতালন ক্লাবটি। আর সমসংখ্যক ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ