নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ স্টেশন। অথচ নামের সঙ্গে নেই সেই পরিচিতির ছাপ। তাই এবার ওই স্টেশনের নাম বদলের দাবিতে সরব বসিরহাট জেলা বিজেপি। বারাসত–হাসনাবাদ শাখার কাঁকড়া-মির্জানগর স্টেশনের নাম পরিবর্তন করে ‘লোকনাথ ধাম’ করার দাবি জানিয়েছে তারা। এই মর্মে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও বিজেপি জানিয়েছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ঐতিহাসিক এলাকা ধান্যকুড়িয়া এবং কচুয়া ধামের সঙ্গে কাঁকড়া মির্জানগর স্টেশনের যোগাযোগ গুরুত্বপূর্ণ। ধান্যকুড়িয়ার জমিদারবাড়ি, রাজপ্রাসাদ দেখতে সারা বছরই পর্যটকদের আনাগোনা রয়েছে। অন্য দিকে, বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে পুজো দিতে বিভিন্ন জেলা থেকে ভক্তেরা আসেন। তাঁদের অনেকেরই যাতায়াতের অন্যতম মাধ্যম এই স্টেশন। ১৯৬২ সালে বারাসত–হাসনাবাদ রেলপথে স্টেশনটি চালু হয়। স্থানীয় কাঁকড়া এবং মির্জানগর এলাকার নাম অনুসারেই স্টেশনটির নাম রাখা হয় ‘কাঁকড়া-মির্জানগর’। এতদিন সেই নামেই রেল মানচিত্রে পরিচিত স্টেশনটি। বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বক্তব্য, কচুয়া ধামে প্রতি বছর দূরদূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী আসেন। তাঁদের কাছে স্টেশনের নাম লোকনাথ ধাম হলে গন্তব্য চেনা সহজ হবে।



