মিউচুয়াল বদলির সুপারিশ দ্রুত কার্যকর করার দাবি, পর্ষদকে চিঠি
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল বদলির জন্য আবেদন করার পরে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্রও পেয়েছেন। তবে, দীর্ঘদিন হয়ে গেলেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে নিয়োগপত্র পাননি বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। তাই পর্ষদ সভাপতি লালু দাসের কাছে দ্রুত তা ছাড়ার দাবি জানাল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, বঞ্চিত আবেদনকারীর সংখ্যা ৫০০ থেকে ৬০০। এও মনে করিয়ে দেওয়া হয়েছে, মিউচুয়াল বা আপস বদলিতে কোনো স্কুলই ক্ষতিগ্রস্ত হয় না। কারণ একজন শিক্ষক বা শিক্ষাকর্মীর পরিবর্তে আরেকজন আসেন। ফলে, এগুলি ঝুলিয়ে রাখার কোনো অর্থ হয় না।

Advertisement

অন্যদিকে, অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস-এর তরফেও পর্ষদ সভাপতিকে স্মারকলিপি দিয়ে একগুচ্ছ দাবি জানানো হয়েছে। তাতে পরিচালন কমিটি গঠন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি কমানো, হলিস্টিক রিপোর্ট কার্ডের সরলীকরণ, সরকার পোষিত মাদ্রাসাগুলিকে সরকারি স্কুলে রূপান্তর প্রভৃতি দাবি রয়েছে। এছাড়াও, শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ, পোর্টালগুলির সমস্যার সমাধানের মতো দাবিও রয়েছে। অন্যদিকে, জুনিয়র হাইস্কুলগুলিকে হাইস্কুলের সঙ্গে সংযুক্তিকরণ করতে গিয়ে দেখা গিয়েছে, বহু জায়গায় হাইস্কুলই নেই। তাই কিছু জুনিয়র হাইস্কুলকে হাইস্কুলে উন্নীত করার প্রস্তাবও দেওয়া হচ্ছে। যে সমস্ত স্কুলে পুকুর রয়েছে, সেগুলিকে ‘অমৃত সরোবর’ নামে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে আনার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিনই সরকারি স্কুলে ভরতির নির্দেশিকা জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।