রতন শেখ কাণ্ডের শিক্ষা: অভিযুক্তের জামিন রুখতে থানাগুলিকে নির্দেশ
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্তরা জামিন  পেয়ে যাতে বাইরে বেরিয়ে আসতে না-পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে থানাগুলিকে। তদন্তকারী অফিসাররা সরকারি আইনজীবীদের সঙ্গে সম্বন্বয় করেই চলবেন। অভিযুক্ত জামিনের আবেদন করলেই যেন সেই খবর অফিসারের কাছে পৌঁছে যায়। পাশাপাশি তদন্ত গাইডলাইন মেনে করতে হবে, যাতে তদন্তের ফাঁক গলে অভিযুক্ত জামিন না পেয়ে যায়। নিজেদের কেসের বিষয়ে তদন্তকারী অফিসাররা আদালত থেকে নিয়মিত খোঁজখবর করবেন। বীরভূমে এনকাউন্টারে নিহত, জামিনে ছাড়া-পাওয়া অভিযুক্ত রতন শেখের ঘটনার পরই জেলায় জেলায় এই নির্দেশ গেল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। পাশাপাশি ধরা পড়া অভিযুক্তরা জামিন পাওয়ার জন্য আইনজীবী বা পুলিশের কাউকে ম্যানেজ করছে কি না সেদিকেও সতর্ক নজরদারির কথা বলা হয়েছে। কেউ কাজে ফাঁক রাখলে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে।

Advertisement

খুন, ডাকাতিসহ একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত রতন শেখ কয়েকদিন আগেই জামিন পায়। বাইরে বেরিয়ে এসে পুলিশ কর্মীকে গুলি করে বসে।  পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা খোঁজখবর শুরু করেন একাধিক অপরাধের ইতিহাস থাকা অভিযুক্তরা কীভাবে জামিন পেয়ে যাচ্ছে! প্রাথমিকভাবে নবান্নের কাছে আসা খবর অনুযায়ী, অনেক ক্ষেত্রেই তদন্তকারী অফিসার জানতেই পারছেন না অভিযুক্ত জামিনের আবেদন করেছে। আদালতের সঙ্গে সমন্বয়ের অভাব থাকায় এই খবর তাঁদের কাছে পৌঁছাচ্ছে না।  খবর না-থাকায় জামিনের বিরোধিতা করার জন্য সরকার পক্ষের আইনজীবী উপস্থিত থাকছেন না। এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। কলকাতা পুলিশে আদালতের কাজকর্ম দেখভালের জন্য প্রতিটি থানায় পৃথক একজন পুলিশ কর্মী থাকেন।  রাজ্য পুলিশে সেই ব্যবস্থা নেই। এরই সুযোগ নিচ্ছে অভিযুক্তরা। সূত্রের খূবর, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তদন্তকারী অফিসার বা সরকারি আইনজীবীদের একাংশকে ‘ম্যানেজ’ করছেন। সেই সুবিধা নিয়েই অভিযুক্তের জন্য তাঁরা জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন বলে অভিযোগ।