চোরবাগান থেকে শিক্ষা, জগদ্ধাত্রী পুজোয় থাকছে না ভিআইপি গেট
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: দুর্গাপুজোর সময় চোরবাগানে দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। পুজো মণ্ডপে অবশ্যই রাখতে হবে সিসি ক্যামেরা। কোনো ভিআইপি গেটও থাকবে না। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং বেসরকারি নিরাপত্তারক্ষী ভিড় নিয়ন্ত্রণ করবেন। ঢোকার এবং বেরনোর জন্য আলাদা পথ রাখতে হবে। থাকবে অনুসন্ধান কেন্দ্র। একাধিক বায়ো টয়লেট বসবে। মানকুণ্ডু স্টেশনের কাছে, ফেরিঘাট, সন্তান সংঘের কাছে মেডিকেল ক্যাম্প হবে। বাজি ফাটবে না, ডিজে বাজবে না।

Advertisement

বৃহস্পতিবার চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়গুলি জানিয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। ছিলেন সভাপতি শ্যামলকুমার ঘোষ, চেয়ারম্যান নিমাইচন্দ্র দাঁ ও অন্যান্য পদাধিকারীরা। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অন্তর্গত ১৮০টি পুজো। চন্দননগর থানা এলাকায় হচ্ছে ১৩৩টি, ভদ্রেশ্বর থানা এলাকায় ৪৭টি। অর্থাৎ চন্দননগর পুর এলাকায় ১৪৩টি, ভদ্রেশ্বর পুর এলাকায় ২৫টি, চাঁপদানি পুর এলাকায় ১২টি পুজো হচ্ছে। বিশেষ জয়ন্তী পালন হচ্ছে ১৪টি পুজোর। ১৯ নভেম্বর হবে শোভাযাত্রা। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, চতুর্থী অর্থাৎ শুক্রবারই চন্দননগরে পুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাউলপট্টির আদি মা দর্শন করবেন তিনি। 
জানানো হয়েছে, মণ্ডপে ও বিসর্জনের সময় উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। শোভাযাত্রায় একটি পুজো দু’টির বেশি ব্যান্ড রাখতে পারবে না। সন্ধ্যা ছ’টার সময় শুরু হবে শোভাযাত্রা। ৬৮টি পুজো শোভাযাত্রায় অংশ নেবে। লরির সংখ্যা থাকবে ২৪৫। কেন্দ্রীয় কমিটি প্রায় ৫০০ জনের উপর মানুষকে রাখবে শোভাযাত্রা নিয়ন্ত্রণে। এছাড়াও থাকবে পর্যাপ্ত পুলিশ। গঙ্গার ১৪টি ঘাটে প্রতিমা বিসর্জন হবে। এছাড়া অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করার জন্য রেলকে জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ৭১ বছরের। সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে কমিটি। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সবরকম সহযোগিতা করছে।’ চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘বিদ্যুতের ছাড় দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। এখনও পর্যন্ত সরকারি কোনো চিঠি আসেনি। বিধায়ক হিসাবে আমার প্রথম বছর কেন্দ্রীয় কমিটিতে। প্রথম বছর কিছু ত্রুটি-বিচ্যুতি হবে। তা সবাই মিলে ঠিক করতে হবে। এই পুজোতে চন্দননগরের চারটি বিষয়কে তুলে ধরা হচ্ছে। চন্দননগরের আলো, বিপ্লবীদের জীবন, জলভরা সন্দেশ, জগদ্ধাত্রী পুজোর ইতিহাস।’