জলপাইগুড়ি, ২০ এপ্রিল: এখনও খাঁচাবন্দি হয়নি মানুষখেকো চিতাবাঘ। আতঙ্ক নিয়েই রবিবার জলপাইগুড়ির ভান্ডিগুড়ি বাগানে কাজ করলেন চা শ্রমিকরা। যদিও বাগানের ৬০ ও ৬১ নম্বর সেকশনে এদিন কোনও কাজ হয়নি। গতকাল, শনিবার ৬০ নম্বর সেকশনে এক শ্রমিকের উপর হামলা চালায় চিতাবাঘ। শ্রমিকদের দাবি, হামলা চালিয়ে চিতাবাঘটি ৬১ নম্বর সেকশনে গা ঢাকা দেয়।
বন দপ্তরের তরফে খাঁচা পাতা হলেও এখনও ওই বাগানে চিতা ধরা পড়েনি। ফলে ফের হামলার আতঙ্কে শ্রমিকরা ৬০ ও ৬১ নম্বর সেকশনে কাজে যেতে নারাজ। এদিন কাজ শুরুর আগে শ্রমিকরা টিন বাজান যাতে ওই শব্দ শুনে লুকিয়ে থাকা চিতাবাঘ পালিয়ে যায়। বাজি পটকাও ফাটানো হয়। যদিও শ্রমিকদের পর্যাপ্ত বাজি পটকা দেওয়া হয়নি বলে অভিযোগ। যে কারণে বাগানের ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চিতা বাঘের আতঙ্কে গত কাল রাতে বন কর্মীদের সঙ্গে রাত জেগেছেন বাগানের শ্রমিকরা। আজও তাঁরা রাত জাগবেন বলে জানিয়েছেন।