Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিড়াল ধরতে গিয়ে মারা গেল চিতাবাঘ!

শিকার করতে গিয়ে প্রাণ গেল শিকারির। বাঁচেনি শিকারও। সোমবার রাত তখন গভীর।

বিড়াল ধরতে গিয়ে মারা গেল চিতাবাঘ!
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: শিকার করতে গিয়ে প্রাণ গেল শিকারির। বাঁচেনি শিকারও। সোমবার রাত তখন গভীর। পেটে খিদে, সামনে শিকার হিসেবে দাঁড়িয়ে একটি সাদা বিড়াল। গায়ে কালো হলুদ ছোপ ছোপ দাগ, চোখ দু’টি শিকারের দিকে চেয়ে জ্বলজ্বল করছে। যেই শিকারের পিছনে ধাওয়া শুরু, ঠিক তখনই রাস্তায় চলে আসে একটি গাড়ি। আর সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল শিকারি অর্থাৎ একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। পাশাপাশি বেঁচে ফিরতে পারল না শিকারের সেই বিড়ালটিও। 

Advertisement

বাগডোগরা সংলগ্ন মুণি চা বাগানের সামনে দিয়ে চলে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ওই পূর্ণবয়স্ক চিতাবাঘের। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে চিতাবাঘটি একটি পোষ্য বিড়ালকে শিকার করতে গিয়ে রাস্তায় উঠে পড়ে। এরপরই অজ্ঞাতপরিচয় কোনও একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় চিতাবাঘ ও বিড়ালটির। অনেক রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিস ও বনবিভাগের বাগডোগরা রেঞ্জের কর্মীরা। মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে বাগডোগরা রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। মঙ্গলবার মৃত চিতাবাঘটির ময়নাতদন্ত করা হয়। 
এ বিষয়ে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, রাতে খবর আসে একটি বিড়ালকে চিতাবাঘ তাড়া করলে রাস্তায় উঠে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় প্রাণী দু’টির। মৃত চিতাবাঘটির বয়স আনুমানিক তিনবছর। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রেঞ্জার আরও বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এ বছরের প্রথম এমন দুর্ঘটনা হল। জাতীয় সড়কে বন্যপ্রাণী দুর্ঘটনা গতবছরের তুলনায় এ বছর অনেকটাই রোধ করা গিয়েছে। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় আটটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এবছর গত প্রায় আট মাসে একটি এমন ঘটনা ঘটল। সংশ্লিষ্ট এলাকাটি দুর্ঘটনা প্রবণ। বহুবার সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী গাড়িও। যানবাহন চালকদের সতর্ক করতে বোর্ডও লাগানো রয়েছে। দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিসকে সঙ্গে নিয়ে নতুন কিছু পরিকল্পনা করার চিন্তাভাবনা চলছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ