Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত লিও মেসি

গত ম্যাচে তাঁর খেলা দেখতে হাজির ছিলেন ৯১ হাজার দর্শক। তবে মেসি-ম্যাজিক দেখতে পাননি অনুরাগীরা।

আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত লিও মেসি
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলাবামা: গত ম্যাচে তাঁর খেলা দেখতে হাজির ছিলেন ৯১ হাজার দর্শক। তবে মেসি-ম্যাজিক দেখতে পাননি অনুরাগীরা। স্রেফ ম্যাচ শেষে দু’হাত তুলে সমর্থকদের অভিবাদন জানিয়েছিলেন তিনি। চোট সারিয়ে দলে ফিরলেও হন্ডুরাসের বিরুদ্ধে মেসিকে নিয়ে কোনও ঝুঁকি নেননি কোচ লায়োনেল স্কালোনি। তবে মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার সকালে) আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে চলেছেন বাঁ পায়ের জাদুকর। ইতিমধ্যেই ফিট সার্টিফিকেট পেয়েছেন তিনি। আইসল্যান্ড ম্যাচ খেলতে আলাবামা রওনা দেওয়ার আগে কানসাস সিটির বেস ক্যাম্পে চুটিয়ে অনুশীলনও করেন মেসি।

Advertisement

বিশ্বকাপের বল গড়ানোর আগেই দলের একাধিক ফুটবলারের চোট নিয়ে বিপাকে গতবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লিওনার্দো বেলার্দি। এছাড়া হাতের আঙুলে চোট নিয়েই দলের সঙ্গে প্রস্তুতি সারছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আইসল্যান্ড তো বটেই, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে মেসির পাশাপাশি চোট সারিয়ে মঙ্গলবার মাঠে নামতে তৈরি জুলিয়ান আলভারেজ ও নিকো পাজ। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার আপফ্রন্টের অন্যতম ভরসা তরুণ এই দুই ফুটবলার। তাই টুর্নামেন্ট শুরুর আগে তাঁদের ফিট হওয়াটা অবশ্যই স্বস্তিতে রাখছে কোচ স্কালোনিকে।
এদিকে, বিশ্বকাপের বল গড়ানোর আগেই চোট সমস্যায় জেরবার ব্রাজিলও। দলের সেরা তারকা নেইমার এখনও অনুশীলন শুরু করেননি। সোমবার ফের তাঁর চোটের জায়গায় এমআরআই করা হয়। রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে, আদৌ প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না। তারইমধ্যে গত শনিবার মিশরের বিরুদ্ধে প্রস্ততি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ওয়েলসি। তাঁর জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন এডারসন। সোমবারই দলের সঙ্গে বেস ক্যাম্পে যোগ দেন এই মিডিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ