ছ’মাসেও ডেপুটি স্পিকার পেল  না বিধানসভা! উঠছে নানা প্রশ্ন
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষের আগে বিধানসভার শেষ অধিবেশন বসতে চলেছে ডিসেম্বরে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, গত ছ’মাসে বিধানসভায় ডেপুটি স্পিকার পদে কেউ নিযুক্ত হলেন না। গুরুত্বপূর্ণ পদটি কবে পূরণ হবে কিংবা তা আদৌ হবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে বিধানসভারই অন্দরে। তথ্য বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় ৪ মে। তারপর ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিজেপি জমানায় ১৫ মে প্রথম বিধানসভার অধিবেশন বসে। ইতিমধ্যে বেশ কয়েক দফায় অধিবেশন বসেছে। বিধানসভায় শীতকালীন অধিবেশন বসতে চলেছে ৪ ডিসেম্বর। কিন্তু বছরের শেষ অধিবেশন বসতে চললেও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়নি। এই নির্বাচন কবে, তার কোনো তথ্য বিধানসভার সচিবালয়ের কাছে নেই। ডেপুটি স্পিকার নির্বাচন করা হচ্ছে না কেন, সেই প্রশ্নটি উঠে গিয়েছে। মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সাংবিধানিক দিক থেকে ডেপুটি স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেপুটি স্পিকার নির্বাচন কেন করা হচ্ছে, এর উত্তর সরকার পক্ষকেই দিতে হবে। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, ছ’মাস অতিক্রান্ত। ডেপুটি স্পিকার নির্বাচন কেন হল না, সেই প্রশ্ন তো উঠবেই।

Advertisement