বিধায়কের মেয়ের নামকরণে মুখ্যমন্ত্রী
বিধায়কের মেয়ের নামকরণে মুখ্যমন্ত্রী
পূর্ব বর্ধমান জেলায় রায়নার তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়ার মেয়ের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তাঁর কন্যাসন্তানকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শম্পা। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন তাঁর মেয়ের নামকরণের জন্য। সেইমতো শম্পার মেয়ের নাম ‘ঐশী’ রাখেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
সাসপেন্ড বিজেপি বিধায়ক
সোমবার বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। অভিযোগ, অপ্রীতিকর শব্দ প্রয়োগসহ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। তাতে ক্ষুব্ধ হয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে দলীয় বিধায়কদের সংযত আচরণ করতে বলেন। কিন্তু দেখা যায়, বিজেপি সদস্যরা স্পিকারের বক্তব্যকে গুরুত্বই দেননি। ফলে এদিনের জন্য মনোজ ওঁরাওকে সাসপেন্ড করা হয়। বিধায়ককে কক্ষ থেকে বের করে দেন মার্শাল।
তুলসী চারা নিয়ে বিজেপির বিক্ষোভ
সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে হট্টগোল করতে থাকেন বিজেপি সদস্যরা। পরে অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিধানসভার গাড়ি বারান্দায় তুলসীচারা সামনে রেখে কর্মসূচি করেন বিজেপি বিধায়করা। ঘটনাচক্রে এদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসা শাসক-বিরোধী প্রত্যেক বিধায়কের গাড়ি পরীক্ষা করা হচ্ছিল। বিধায়করা গাড়িতে কিছু নিয়ে ঢুকছেন কি না, সেটা দেখা হয়। বিরোধী দল বলছে, গাড়িতে তুলসীগাছ খোঁজা হচ্ছিল। কিন্তু সেই তুলসীগাছ নিয়েই আমরা দলীয় কর্মসূচি করেছি।
রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কমেছে: মন্ত্রী
বিভিন্ন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে দুর্ঘটনা এবং তাতে মৃতের সংখ্যা কতটা কমেছে, সেই তথ্য তুলে ধরলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রকল্প চালু হওয়ার পর থেকে দুর্ঘটনা অনেকটাই কমেছে। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে দুর্ঘটনা ঘটে ৪১,৭৪৬টি। তাতে মৃতের সংখ্যা ২২,৫৯৫। আর পশ্চিমবঙ্গে দুর্ঘটনার সংখ্যা ১৩,৬৮৬ এবং সেগুলিতে মৃত্যু হয়েছে ৬০০২ জনের।
চিলাপাতায় নলরাজার গড়
ইতিহাস, পৌরাণিক কাহিনি এবং পর্যটন কেন্দ্র—একসূত্রে বাঁধা পড়ুক আলিপুরদুয়ার চিলাপাতার নলরাজার গড়ে। এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, নলরাজার গড়ের ইতিহাস দেড় হাজার বছরের প্রাচীন। এখন সেখানকার ভগ্নপ্রায় অবস্থা। সম্প্রতি সেখানে পর্যবেক্ষণ করছে আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। তাঁর দাবি, জায়গাটিকে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিক রাজ্য সরকার।