আইনি নোটিস পেলেন অভিনেতা সলমন খান। ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগাল’ ছবির মুক্তি স্থগিতের জন্য মামলা করেছিলেন তিনি। কারণ একসময় কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়েছিলেন সলমন। সেই মামলার উপর ভিত্তি করেই এই ছবিটি তৈরি। সলমন কোর্টে আর্জি জানিয়েছিলেন, এই সিনেমাটি বন্ধ করা না হলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু সেই দাবি মানতে নারাজ নির্মাতারা। পালটা আদালতের দ্বারস্থ হন তারা। নির্মাতাদের দাবি, ছবিতে এমন কিছু নেই যা সলমনের ভাবমূর্তিতে আঘাত করতে পারে। এরপরও কোন যুক্তিতে ছবিটি বন্ধ করার আবেদন করেছেন সলমন? সেই মামলায় এবার অভিনেতাকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। যত দ্রুত সম্ভব সলমনকে এই নোটিসের উত্তর দিতে বলা হয়েছে।



