আইনি নোটিস পেলেন অভিনেতা ধনুষ। চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১৬ সালে একটি দক্ষিণী প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ধনুষ। অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। ওই ছবিতে কেবল অভিনয় নয়, পরিচালনা করারও কথা ছিল তাঁর। কিন্তু দশ বছর পরেও ছবির কাজ শুরু করেননি অভিনেতা। সে কারণেই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে সংস্থার তরফে। অভিনেতার কাছ থেকে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রযোজনা সংস্থা চিত্রনাট্যে খানিক পরিবর্তন করতে চেয়েছিল। তা শোনেননি ধনুষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোনো সহযোগিতা করতে চাননি অভিনেতা। পরে ছবি থেকে সরেও দাঁড়ান নায়ক। এর জেরেই ক্ষতি হয়েছে প্রযোজনা সংস্থার। যদিও এ বিষয়ে ধনুষের তরফে প্রতিক্রিয়া জানানো হয়নি।



