Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল বাইপাস, টিকিয়াপাড়ায় বাসিন্দাদের নিয়ে অবরোধে বাম

বৃষ্টি কমে গিয়েছে। কিন্তু বেহাল রাস্তার অবস্থা এখন আরও সঙ্গীন। অজস্র খানাখন্দে তা ভরে গিয়েছে। এই রাস্তায় বোঝার উপর শাকের আঁটি হল নিকাশি সমস্যা।

বেহাল বাইপাস, টিকিয়াপাড়ায় বাসিন্দাদের নিয়ে অবরোধে বাম
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃষ্টি কমে গিয়েছে। কিন্তু বেহাল রাস্তার অবস্থা এখন আরও সঙ্গীন। অজস্র খানাখন্দে তা ভরে গিয়েছে। এই রাস্তায় বোঝার উপর শাকের আঁটি হল নিকাশি সমস্যা। সব মিলিয়ে তীব্র ক্ষোভ টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। রাস্তা সংস্কারের দাবি তুলে তাঁদের সঙ্গে রবিবার বিক্ষোভে শামিল হয় বামেরা। হয় রাস্তা অবরোধ। শেষে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

হাওড়া শহরের শানপুর মোড় থেকে এই বাইপাস রোড সরাসরি যুক্ত করেছে হাওড়া ময়দানকে। রোজ প্রচুর সংখ্যক যানবাহনের যাতায়াত লেগে থাকে এই রাস্তায়। পুরসভার তরফে বারবার রাস্তা সংস্কারের কাজ করা হলেও প্রতিবছর বর্ষাতেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে। দিনের ব্যস্ত সময় যানজট চরম আকার নেয়। এদিকে সংলগ্ন টিকিয়াপাড়া এলাকার ছোট রাস্তাগুলোর অবস্থাও বেহাল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশি পরিষ্কারের কাজ না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলের স্রোত বয়। ফলে খুব তাড়াতাড়ি রাস্তা খানাখন্দে ভরে যায়। প্রতিবছর পুজোর আগে পুরসভার তরফে রাস্তা সংস্কারের নামে প্যাচ ওয়ার্কের কাজ করা হয়। এতে লাভের লাভ কিছুই হয় না। চলতি বর্ষাতেও রাস্তার অবস্থা বেহাল। গত দুদিন বৃষ্টি না হলেও অজস্র গর্তে ভরা ইস্ট ওয়েস্ট বাইপাসে চলাচল করাই এখন দায়।
এদিন সকালে টিকিয়াপাড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বামেরা। স্থানীয় বাসিন্দারাও তাদের পাশে দাঁড়ান। দ্রুত রাস্তার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয়। পরে হাওড়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরায়। হাওড়া পুরসভার দাবি, ইতিমধ্যেই শহরজুড়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বহু রাস্তা মেরামত হয়েও গিয়েছে। কিন্তু বর্ষা আগে চলে আসায় এই কাজ কিছুটা বাধা পাচ্ছে। ইস্ট ওয়েস্ট বাইপাসের হাল দ্রুত ফেরানো হবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ