নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বামেদের মহামিছিলের জেরে সোমবার দিনভর যানজটে কার্যত অবরুদ্ধ রইল ধর্মতলা সহ মধ্য কলকাতার একটা বড় অংশ। ১ সেপ্টেম্বর প্রতিবারের এবারও আন্তর্জাতিক সংহতি দিবসে যুদ্ধের বিরুদ্ধে একজোট হয়ে পথে নেমেছিল রাজ্যের বামপন্থী দলগুলি।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বামেদের মহামিছিলের জেরে সোমবার দিনভর যানজটে কার্যত অবরুদ্ধ রইল ধর্মতলা সহ মধ্য কলকাতার একটা বড় অংশ। ১ সেপ্টেম্বর প্রতিবারের এবারও আন্তর্জাতিক সংহতি দিবসে যুদ্ধের বিরুদ্ধে একজোট হয়ে পথে নেমেছিল রাজ্যের বামপন্থী দলগুলি।
ফলে ঠিক পুজোর মুখে সপ্তাহের প্রথম দিনে মহামিছিলের জেরে সবচেয়ে সমস্যায় পড়েন কলকাতা ও শহরতলি থেকে মহানগরীতে পুজোর কেনাকাটা করতে আসা আমজনতার পাশাপাশি নিত্যযাত্রীরা। মিছিলের চাপে একটা সময় কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। ঘুরিয়ে দেওয়া হয় বাস। ভিড়ের চাপে ফুটপাতের বিক্রিবাট্টাতেও ভাটা পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন মূলত ছোট ব্যবসায়ীরা।
মিছিলের রেশ গিয়ে পড়ে কলকাতার লাইফ লাইন মেট্রোতেও। সবচেয়ে খারাপ অবস্থা ছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের। সেখানে যাত্রীদের চাপে পা ফেলার জায়গা ছিল না। ভিড়ের চাপে এসক্যালেটর বন্ধ করে দেওয়া হয়। টিকিট হাতে যাত্রীদের লাইন স্মার্ট গেট থেকে প্ল্যাটফর্মের সিঁড়ি পর্যন্ত পৌঁছে যায়। ভিড়ের সময় যথারীতি মেট্রো কর্মীদের দেখা মেলেনি বলে অভিযোগ যাত্রীদের।
দুপুর ২টো থেকে মিছিলের সময় থাকলেও বেলা বাড়তেই শিয়ালদহ থেকে দলে দলে বামপন্থী কর্মী-সমর্থকরা মিছিল করে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে জমা হতে শুরু করেন। ফলে বেলেঘাটা মেন রোড, এ পি সি রোড, মৌলালি, এ জে সি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণিতে যান চলাচল থমকে যায়। বাস থেকে নেমে যাত্রীদের হেঁটে ধর্মতলার দিকে আসতে দেখা গিয়েছে।
অন্যদিকে, হাওড়া স্টেশন থেকে আসা বামেদের মিছিলের জেরে স্ট্র্যান্ড রোড, ব্রাবোর্ন রোড, রবীন্দ্র সরণি, এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে তীব্র যানজট হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা বাস, মিনিবাস আটকে থাকতে দেখা যায়। বামেদের মহামিছিল ধর্মতলা থেকে শুরু করে কলেজ স্ট্রিটে যায়। আবার, অন্যদিকে এসইউসিআইয়ের মিছিল এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আসে। ফলে লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, ওয়েলিংটন স্কোয়ার, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজটের কবলে পড়ে।
পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার কর্মসূচিকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল থমকে যায়। ধর্মতলার ওয়াই চ্যানেলেও একাধিক গণ সংগঠনের ডাকে অবস্থান সমাবেশকে কেন্দ্র করে যানজট হয়।