সংবাদদাতা, আলিপুরদুয়ার: তৃণমূল জঙ্গলে ঢুকে গিয়েছে। তৃণমূলের বাকি আর যাঁরা আছেন তাঁরা বিজেপির কোলে আশ্রয় নিচ্ছেন। তাহলে এসআইআরের বিরুদ্ধে আন্দোলনটা করবে কে? বামপন্থীদেরই এই আন্দোলন করতে হবে। সোমবার সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে এসআইআরের বিরুদ্ধে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা অভিযানে এসে এই মন্তব্য করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়।
এদিন আলিপুরদুয়ার শহরের বিএম ক্লাবের মাঠ থেকে সিপিএমের মহিলাদের এই মিছিল শুরু হয়। বক্সা ফিডার রোড ধরে মিছিল ডুয়ার্সকন্যায় পৌঁছয়। সেখানে ছিল দ্বিস্তরীয় ব্যারিকেড। প্রচুর পুলিশও মোতায়েন ছিল। মহিলারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে মহিলা পুলিশ রুখে দেয়। স্লোগান ওঠে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযানে মূল বক্তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী বলেন, এসআইআরের জেরে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে মহিলাদের। ২৭ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। এই নাম বাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে চাকরি, রেশন, চিকিৎসা থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে বিজেপি ও নির্বাচন কমিশন। তৃণমূল এখন জঙ্গলে ঢুকে গিয়েছে। তাহলে এসআইআর, দ্রব্যমূল্য বৃদ্ধি, হকার, নারী নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় কে নামবে? বামপন্থীদেরই নামতে হবে। সাধারণ মানুষ বামপন্থীদেরই বেছে নিচ্ছে।
সিপিএমের মহিলাদের পরে এসআইআর ইস্যুতে ডুয়ার্সকন্যা অভিযান করে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের বক্তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। •