Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বিজেপি সাংসদের প্রশংসা বাম নেতার, ভোটের মুখে জলপাইগুড়িতে জল্পনা

রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদের দরাজ প্রশংসা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়ের। ভোটের মুখে এ ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে।

বিজেপি সাংসদের প্রশংসা বাম নেতার, ভোটের মুখে জলপাইগুড়িতে জল্পনা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদের দরাজ প্রশংসা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়ের। ভোটের মুখে এ ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। দু’টি ট্রেনের স্টপ চালু উপলক্ষ্যে রবিবার জলপাইগুড়ির রানিনগরে রেলের তরফে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের প্রশংসায় পঞ্চমুখ হন এলাকার প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। বলেন, এমপির কৃতিত্বে এলাকায় রেলের উন্নয়ন হচ্ছে। আগামী দিনে তাঁর নেতৃত্বে আরও উন্নয়ন হবে বলে আশাকরি। 

Advertisement


একমঞ্চে বসে বাম নেতা গোবিন্দ রায় বিজেপি এমপি’কে দরাজ সার্টিফিকেট দেওয়ায় জল্পনা তুঙ্গে। যদিও এনিয়ে গোবিন্দবাবুর দাবি, আমি ফরওয়ার্ড ব্লকের নেতা হিসেবে রেলের অনুষ্ঠানে যোগ দিইনি। জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক হিসেবে আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। ভাষণে বিজেপি এমপির প্রশংসা করা নিয়ে গোবিন্দ রায়ের বক্তব্য, নাগরিকদের স্বার্থে তাঁদের দাবিদাওয়া নিয়ে একাধিকবার সাংসদের সঙ্গে দেখা করেছি। তারই পরিপ্রেক্ষিতে রেলের উন্নয়নে এমপি হিসেবে তাঁর কাজের প্রশংসা করেছি এদিন। এটুকু উদারতা থাকা উচিত। বিষয়টি নিয়ে বিজেপি সাংসদের প্রতিক্রিয়া, যিনি কাজ করেন, মানুষ তাঁর প্রশংসা করেন। 


যদিও গোটা বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে কানাঘুঁষো শুরু হয়েছে। জেলা বামফ্রন্টের অন্দরেও চর্চা তুঙ্গে। এনিয়ে জানতে চাওয়া হলে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি জানা নেই। গোবিন্দবাবুর সঙ্গে কথা বলে তারপরই বলতে পারব। তবে রেলের অনুষ্ঠানে ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়ের যোগ দেওয়া এবং সেখানে বিজেপি সাংসদের প্রশংসা করার খবর পৌঁছেছে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্যর কাছে। এদিন রাতে তিনি বলেন, বিষয়টি শুনেছি। তবে গোবিন্দবাবু কী পরিচয়ে রেলের অনুষ্ঠানে গিয়েছিলেন, জানা নেই। একজন মানুষের তো নানা পরিচয় থাকে। এক্ষেত্রে তিনি কোন পরিচয়ে ওই অনুষ্ঠানে গেলেন এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে বিজেপি এমপির প্রশংসা করলেন, সেটা গোবিন্দবাবুই বলতে পারবেন। জেলা বামফ্রন্টগতভাবে বিষয়টি খোঁজ নেওয়া হবে। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্রের প্রতিক্রিয়া, গোবিন্দবাবু রাজনৈতিক পরিচয়ে রেলের অনুষ্ঠানে যাননি বলে আশাকরি। আর তিনি যদি ওই অনুষ্ঠানে বিজেপি সাংসদের প্রশংসা করে থাকেন, জেলার সরকারি শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে এমপি যে তাঁর নিজস্ব তহবিলের কোনও অর্থ বরাদ্দ করেননি, তা নিয়েও একজন শিক্ষক হিসেবে গোবিন্দবাবু নিশ্চয়ই সরব হবেন। গোবিন্দ রায়কে বিঁধে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা সৈকত চট্টোপাধ্যায়ের তোপ, ভোটের আগে কি উনি বিজেপিতে যোগ দিচ্ছেন?  জলপাইগুড়িতে  রেলের অনুষ্ঠানে মঞ্চে জয়ন্ত রায় ও গোবিন্দ রায়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ