বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
  • ৪ নভেম্বর, ২০২৬ ১০:৪০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবোঝাই এক বেসরকারি বাসের সঙ্গে বাদাম বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ২০ জন।  বাস ও লরির দুই চালকের আঘাত গুরুতর। আজ বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঝাড়গ্রামের কলাবনী এলাকার বইরা জঙ্গল সংলগ্ন ব্রিজের উপর দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেসরকারি যাত্রীবাহী বাসটি ঝিলিমিলি থেকে দীঘার দিকে যাচ্ছিল।  বাদাম বোঝাই ট্রাক্টটি লোধাশুলির দিক থেকে আসছিল। বইরা জঙ্গল সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ ও লরির কেবিন। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

দুর্ঘটনার পর বাসের ভিতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস ও লরির দুই চালকই গাড়ির দুমড়ে যাওয়া অংশের মধ্যে আটকে পড়েন। এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে ব্রিজের উপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেসিবি এনে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে পুলিশ। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।