কাঁকসায় পুলিশকর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কাঁকসা ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মী। গতকাল রাতে পাণ্ডবেশ্বরের পানাগড় বাইপাস সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় জানা। এই ঘটনার পর পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ডিউটিতে ছিলেন সঞ্জয় জানা। তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন। সেই সময় সহকর্মীরা একটি লরির আড়ালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সঞ্জয়ের দেহ। পাশাপাশি মাথায় গুলির আঘাতও রয়েছে। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ, বুধবার সকালে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। ঘটনার প্রকৃত কারণ জানতে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।