২ কোটি টাকা ঘুষের অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৪:০০
Prefer us on Google

 কেরল, ৪ নভেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। অভিযোগ ২০০৬ সালে কেরলের পূর্ত দফতরের সচিব থাকাকালীন একটি সড়ক প্রকল্পের বকেয়া বিল মেটানোর বিনিময়ে ঘুষ দাবি করেছিলেন জ্ঞানেশ কুমার। এই অভিযোগের সঙ্গে মালয়েশীয় এক ইঞ্জিনিয়ারের আত্মহত্যার যোগসূত্রও রয়েছে বলে দাবি অভিযোগকারীর।

Advertisement

প্রাক্তন ঠিকাদার সাজন কোল্লাম জেলার বাসিন্দা। তিনি ভিজিল্যান্স ডিরেক্টরের কাছে অভিযোগে জানান, কেরল স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টের অধীনে প্রায় ১৭ কোটি টাকার অনুমোদিত বিলের চেক আটকে রেখেছিলেন তৎকালীন পূর্তসচিব জ্ঞানেশ কুমার। অভিযোগ ২ কোটি টাকা ঘুষ না দিলে চেক ছাড়া হবে না বলে জানানো হয়েছিল। সাজনের দাবি, এক সংস্থার মালয়েশীয় প্রকল্প ইঞ্জিনিয়ার লি সি বিন তাঁকে বিষয়টি জানিয়েছিলেন। বিল আটকে থাকায় ঠিকাদার ও শ্রমিকদের আর্থিক সমস্যা তৈরি হয়। অভিযোগকারীর দাবি এই পরিস্থিতি এবং ঘুষের চাপের জেরেই ২০০৬ সালে আত্মহত্যা করেন লি। সাজনের আরও দাবি, লির সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের ভূমিকার উল্লেখ ছিল। যদিও এই অভিযোগের কোনো প্রমাণ এখনও প্রতিষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে লির মৃত্যুর পর ভিজিল্যান্স তদন্ত শুরু হলেও পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তা বন্ধ হয়ে যায়। এইবার নতুন অভিযোগ এবং আগের তদন্তে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষিত হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরো। জ্ঞানেশ কুমারের তরফে এখনও এই বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।