গুয়াহাটির হোটেলে পাঁচ খুনের অভিযুক্ত এনকাউন্টারে নিহত
  • ৪ নভেম্বর, ২০২৬ ১০:১৫
Prefer us on Google

গুয়াহাটি, ৪ নভেম্বর: অসম পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গুয়াহাটির হোটেলে পাঁচ খুনের মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের। গতকাল শিবসাগরের গৌরীসাগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৩৪ বছর বয়সি ঘনকান্ত। এরপরে তাঁকে শিবসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, গুয়াহাটির হোটেল শুটআউট মামলায় আদালতে পেশের পর ঘনকান্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এরপর ২০২৪ সালের একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে শিবসাগর পুলিশ। সেই মামলায় তাঁকে নিয়ে যাওয়ার পথেই ঘটে এনকাউন্টারটি। 
শিবসাগরের এসএসপি দাবি, গৌরীসাগর এলাকায় পুলিশি গাড়ি থেকে নেমে শৌচকর্ম করার সময় তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। ধস্তাধস্তিতে গুরুতর আহত হন ওই পুলিশ আধিকারিক। আত্মরক্ষার্থে এক পুলিশকর্মী গুলি চালান। আহত আধিকারিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির উলুবাড়ি এলাকার এক হোটেলে গুলিচালনার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন বাড়ির মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ-সহ পরিবারের অন্য সদস্যরা এবং নারায়ণ দাস। এই ঘটনায় আহত হন পরিবারের গাড়িচালক সত্যেন্দ্র পাঠক। প্রাথমিক তদন্তে বাড়ি লিজ নেওয়া ও ভাড়া সংক্রান্ত বিবাদকে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখছে তদন্তকারী দল।

Advertisement