তেলেঙ্গানা, ৪ নভেম্বর: হায়দরাবাদে একটি বড় জাল নোট চক্রের প্রর্দাফাঁস করল পুলিশ। এই অভিযানে মোট ৬ কোটি ৭৮ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
রামোজি ফিল্ম সিটির কাছে একটি সন্দেহভাজন গাড়িকে আটকায় পুলিশ। এরপর সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট ৮ লক্ষ টাকা মূল্যের ৫০০ টাকার জাল নোট। সেই সময় গাড়িতে যে চারজন ছিলেন, তাঁদের সকলকেই গ্রেপ্তার করা হয়। এরপরে তাদের জেরা শুরু করে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তরা ইউটিউব ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কনটেন্ট দেখে আসল নোট স্ক্যান করা এবং সফটওয়্যারের মাধ্যমে সেগুলির ছবি এডিট করে জাল নোট ছাপানো শিখেছিল। এরপর তারা একটি ভাড়াবাড়িতে জাল নোট ছাপার কাজ চালাচ্ছিল। সেখান থেকেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬ লক্ষ ৭০ কোটি টাকা।
জাল নোট-সহ প্রিন্টার, ল্যাপটপ, ল্যামিনেশন মেশিন-সহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তরা ভুয়া পরিচয়পত্র, ওয়াকি-টকি এবং নকল পিস্তল ব্যবহার করে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিত। ভয় দেখিয়ে প্রতারণা করার অভিযোগও রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



