Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসমে নির্বাচনের মুখে ইস্তফা নেতা ও বিধায়কদের, প্রার্থী নিয়ে অশান্তি, টুপি পরিয়ে আসছেন হিমন্ত, দাবি দলত্যাগী বিজেপি সহ সভাপতির

টিকিট বন্টন নিয়ে দলের অন্দরে অসন্তোষ। অসমে ভোটের মুখে বিপাকে বিজেপি। প্রাথমিকভাবে অসমে ৯০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে পদ্ম শিবির।

অসমে নির্বাচনের মুখে ইস্তফা নেতা ও বিধায়কদের, প্রার্থী নিয়ে অশান্তি, টুপি পরিয়ে আসছেন হিমন্ত, দাবি দলত্যাগী বিজেপি সহ সভাপতির
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: টিকিট বন্টন নিয়ে দলের অন্দরে অসন্তোষ। অসমে ভোটের মুখে বিপাকে বিজেপি। প্রাথমিকভাবে অসমে ৯০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে পদ্ম শিবির। আর তা ঘিরে ব্রহ্মপুত্র থেকে বরাক উপত্যকা- সর্বত্রই দলীয় কোন্দল সামনে চলে এসেছে। দলের প্রথমসারির নেতা-মন্ত্রীদের বঞ্চিত করে দলবদলুদের প্রাধান্য দেওয়ায় অশান্তির আগুনে পুড়ছে অসম বিজেপি। একের পর এক কংগ্রেস নেতাকে দলে টানছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু এই ঘটনাই দলের নেতা-কর্মীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি বিধায়ক থেকে শুরু করে অসম বিজেপির সহ সভাপতি ও একাধিক নেতা ইস্তফা দিয়েছেন। আর এতে রাতের ঘুম উড়ে গিয়েছে হিমন্ত সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের।  

Advertisement

এবার বিজেপি প্রার্থী করেনি বিহপুরীয়া আসনের বিদায়ী বিধায়ক অমিয় কুমার ভুঁইয়াকে। এজন্য নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করলেন অমিয়। গত বিধানসভা ভোটে কংগ্রেসের ভূপেন বরাকে  হারিয়েছিলেন তিনি। এবার ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন ভূপেন। তাঁকেই টিকিট দিয়েছে বিজেপি। 
একই পথে হেঁটেছেন অসম বিজেপির সহ সভাপতি জয়ন্ত দাসও। বিজেপির এই ‘দুর্দিনের সঙ্গী’ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নিয়েছেন। অসম বিজেপি সভাপতি দিলীপ সইকিয়াকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন তিনি। দিসপুর বিধানসভা কেন্দ্রে সদ্য কংগ্রেস ছেড়ে আসা প্রদ্যুৎ বরদলৈকে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই হিমন্তর বিরুদ্ধে সুর চড়িয়ে দলত্যাগ করেন ৩৫ বছর ধরে বিজেপিতে থাকা জয়ন্ত। জানা গিয়েছে, তাঁর মন গলাতে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্রও বাড়িতে গিয়ে আলোচনায় বসেছিলেন। তাতেও কাজ হয়নি। ক্ষোভ উগরে জয়ন্ত বলেন, ‘অসমে কংগ্রেস শক্তিশালী হচ্ছে। কারন সব ‘পচা-গলা, ফালতু, থার্ডক্লাশ’ নেতারা বিজেপির ‘ডাস্টবিনে’ চলে আসছে। হিমন্ত নিজেই বলেছিলেন, টিকিট দেবেন। তাঁর কথার দাম নেই। বিজেপি এখন নতুন শব্দ ‘সনাতনী হিন্দু’র আমদানি করেছে। আমরা এতো বছর বিজেপি করেছি। এসব শুনিনি। অসমবাসীকে টুপি পরিয়ে আসছেন হিমন্ত।’ অন্যদিকে জয়ন্তর দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ হিমন্ত। 
২০১৫ সালে তৎকালীন অসম বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আইনি উপদেষ্টা সিদ্ধার্থ ভট্টাচার্যর হাত ধরে দলে এসেছিলেন হিমন্ত। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, সিদ্ধার্থকে টিকিট দেওয়া হয়নি। এছাড়াও বিজেপির বহু পুরানো নেতা সহ ১৯ জন বিধায়ককে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন মন্ত্রী ও ৫ বারের বিধায়ক অতুল বরা। এব্যাপারে দলের অন্দরে অসন্তোষ প্রসঙ্গে হিমন্তর বক্তব্য, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। দল নতুনদের সামনে নিয়ে এসেছে। 

সম্পর্কিত সংবাদ