Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেতা গিল দ্রুত পরিণত হবে, বিশ্বাস অক্ষরের

ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের দামামা বেজে গিয়েছে। সিরিজের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘিরে জল্পনা কল্পনা।

নেতা গিল দ্রুত পরিণত হবে, বিশ্বাস অক্ষরের
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের দামামা বেজে গিয়েছে। সিরিজের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘিরে জল্পনা কল্পনা। দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথ দেখানোর পরও হিটম্যানের থেকে নেতৃত্বভার কেড়ে শুভমান গিলকে সেই আসনে বসানো হয়েছে। তার প্রভাব কি পড়বে ড্রেসিং-রুমে? এই সিরিজের পরই কি অবসর নেবেন দুই মহাতারকা? এমন একাধিক প্রশ্ন অনুরাগীদের মাথায় ঘুরছে। তবে অক্ষর প্যাটেল এই সব চর্চাকে গুরুত্ব দিতে নারাজ। শুক্রবার ট্রাভিস হেডের সঙ্গে জয়েন্ট প্রেস কনফারেন্সে এসে ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘রোহিত ও বিরাট ভাই বিশ্বমানের ক্রিকেটার। ওরা পেশাদার। এই সব বিষয় কীভাবে সামলাতে হয়, তা ওরা জানে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ঠিকই, তবে নেটে দেখে তা বোঝার উপায় নেই। দু’জনেই দারুণ ছন্দে।’

Advertisement

বিরাট-রোহিতের উপস্থিতিতে লাভবান হবে ক্যাপ্টেন শুভমান গিল, এমনটাই মত অক্ষরের। তাঁর মন্তব্য, ‘রোহিত ও বিরাট ভাই দেশকে নেতৃত্ব দিয়েছে। ওদের অভিজ্ঞতা যে কোনও দলের কাছে সম্পদ। আমি নিশ্চিত, নেতৃত্বের ব্যাপারে ওদের থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে শুভমানের। ড্রেসিং রুমে রোহিত-বিরাট ভাইয়ের উপস্থিতিতে দ্রুত পরিণত লিডার হবে গিল।’ বলাই বাহুল্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারতীয় টিম বেশ শক্তিশালী। তবুও অস্ট্রেলিয়ার মাটিতে প্যাট কামিন্সদের হারানো মোটেই সহজ হবে না। তবুও আত্মবিশ্বাসী অক্ষরের কথায়, ‘২০১৫ সালে আমি প্রথমবার অস্ট্রেলিয়াতে আসি। তার আগে পিচ নিয়ে অনেক কথা হতো। কারণ, এদেশে আমরা কমই খেলতাম। এখন সেই সমস্যা নেই। এখানকার উইকেট নিয়ে দলের প্রত্যেকের স্বচ্ছ ধারণা রয়েছে। সত্যিই বলতে কী, এখন আর মনে হয় না যে, আমরা অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলতে এসেছি। তাই পিচ নিয়ে মাথাব্যথা নেই। বরং কীভাবে প্রতিপক্ষকে হারাব, সেই পরিকল্পনায় সবাই ব্যস্ত।’ অক্ষরের কাছেও এই সিরিজ অ্যাসিড টেস্ট। রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে এই অলরাউন্ডারের ওপর আস্থা রাখা হয়েছে। অক্ষরের বক্তব্য, ‘এশিয়া কাপে ব্যাট-বল দুটোই ভালো করেছিলাম। সেই আত্মবিশ্বাস এই সিরিজেও কাজে লাগাতে চাই।’
এদিকে, শুক্রবার পারথে প্র্যাকটিস সেশনে ফুরফুরে মেজাজেই দেখা গেল ভারতীয় শিবিরকে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সেদিকে কড়া নজর ছিল গুরু গম্ভীরের। শুভমানকেও নেটে বেশ ছন্দে দেখা গেল। বোলিংয়ে বুমরাহ, হর্ষিতরাও দীর্ঘক্ষণ হাত ঘোরালেন। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি টিম ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ