সংবাদদাতা, বোলপুর: লাভপুরে তৃণমূল নেতা সাগর শেখ খুনের ঘটনায় সোমবার ফের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বোলপুর আদালত। তার নাম সুজন শেখ। ২০১৮সালের এই ঘটনায় এর আগে ছ’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তবে এই মামলায় এখনও সাতজন ফেরার। মামলায় এক অভিযুক্তকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করেছেন বোলপুর আদালতের বিচারক উমেশ সিং। লাভপুরের ঠিবার তৃণমূল নেতা সাগর শেখ ২০১৮ সালের ২০ আগস্ট মেয়ে রোজি খাতুনকে নিয়ে ঈদের বাজার সেরে বাইকে বাড়ি ফিরছিলেন। কুয়ে নদী লাগোয়া কাঁদরকুলা বাঁধের কাছে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বোমার আঘাতে তাঁর মেয়ে গুরুতর জখম হয়। ঘটনার পরদিন মৃতের ভাই শের আলি শেখ লাভপুর থানায় অভিযোগ করেন।পুলিস তদন্তে নেমে জানতে পারে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ১৫জন অভিযুক্তের মধ্যে ছ’জনকে প্রথমে পুলিস গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা হল-হিরুন শেখ, বুদু শেখ, আইনুল শেখ, জয়নাল শেখ, সাজিদ শেখ ও মনোয়ার শেখ। ২৯জনের সাক্ষ্যের ভিত্তিতে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি বোলপুর আদালত এই ছ’জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। এখন তারা জেলেই রয়েছে। এরপর ওই মামলায় নতুন করে দু’জন গ্রেপ্তার হয়। শনিবার তাদের আদালতে তোলা হয়। সাক্ষ্যপ্রমাণের অভাবে তোজি শেখ নামে এক অভিযুক্তকে মুক্তি দিলেও অপর অভিযুক্ত সুজন শেখকে দোষী সাব্যস্ত করেন বোলপুর আদালতের বিচারক উমেশ সিং। সরকারি আইনজীবী তপনকুমার দাশ বলেন, পুরনো সাক্ষীদের বয়ানের ভিত্তিতে সুজনকেও যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেছে আদালত।



