Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে নির্মীয়মাণ রাস্তায় সেতুর দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

লাভপুরে নির্মীয়মাণ রাস্তায় সেতুর দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: নতুন রাস্তা তৈরির সময়ে সাঁকোর দাবিতে ক্ষোভ দেখাল স্থানীয় তিনটি গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার লাভপুর ব্লকের ঠিবা পঞ্চায়েতের জামনা ধ্রুববাটি রাস্তায়। বিষয়টি জানতে পেরে এদিন বিকেলে ঘটনাস্থলে যান লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক। তিনি ওই জায়গায় সিমেন্টের পাইপ দিয়ে কালভার্ট তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Advertisement
লাভপুরের জামনা পঞ্চায়েতের ধ্রুববাটি থেকে ঠিবা পঞ্চায়েতের জয়চন্দ্রপুর, হরিপুর ও চতুর্ভুজপুর যাওয়ার দুই কিমি রাস্তার কাজ শুরু হয়েছে কিছুদিন আগে। অতি বৃষ্টি বা বর্ষাকালে কুঁয়ে নদীর জলে এই এলাকাগুলো ডুবে যায়। সঙ্গে রাস্তাটির একাংশ চলে যায় জলের তলায়। মূলত ওই এলাকার মানুষদের যাতায়াতের প্রধান পথ এটি। এই রাস্তার ২০০ মিটার জায়গা অত্যন্ত নিচু। সে কারণে বছরের অধিকাংশ সময় সেই স্থানটি জলমগ্ন থাকে। রাস্তা তৈরির কাজ শুরুর সময় থেকেই এই তিনটি গ্রামের বাসিন্দারা দাবি করেছিলেন, ওই স্থানে একটি সেতুর। কিন্তু সেই দাবি না মেনে চলছিল কাজ। তাই এদিন সেতুর দাবিতে নিজেদের ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বহু বছরের অপেক্ষার পর পূর্ণাঙ্গভাবে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করা শুরু হলেও ওই স্থানটি নিচু করে রাখলে সাধারণ মানুষের কোন সুবিধাই হবে না। প্রসঙ্গত, প্রায় প্রত্যেক বছরই বর্ষাকালে এই তিনটি গ্রামের মানুষ লাভপুর ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। জলযন্ত্রণার মধ্যে দিন কাটাতে হয় তাঁদের। আগামীতে সেই সমস্যা যাতে না হয় তারই আবেদন করছেন গ্রামবাসীরা। 
লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, স্থানীয়দের সমস্যার বিষয়টি জানতে পারার পর এলাকা পরিদর্শন করি। তাঁদের দাবি, রাস্তার বিশেষ অংশটি অত্যন্ত নিচু এবং সারা বছর জলে পরিপূর্ণ থাকে। তাই ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে ওই স্থানে পাইপ দিয়ে কালভার্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি তারপর আর সমস্যা হবে না বাসিন্দাদের।
সম্পর্কিত সংবাদ