Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে চৈতন্য মহাপ্রভুর মহোৎসবের খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০০ জন ভক্ত

লাভপুরে চৈতন্য মহাপ্রভুর মহোৎসবের খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০০ জন ভক্ত
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: চৈতন্য মহাপ্রভুর কীর্তন উপলক্ষে আয়োজন করা হয়েছিল মহোৎসব। সেখানেই খিচুড়ি প্রসাদ খেয়ে তিনটি গ্রামের প্রায় ৩০০ জন আক্রান্ত। ঘটনাটি ঘটেছে লাভপুর বিধানসভার লাভপুর-১ পঞ্চায়েতের বড়গোগা, ছোটগোগা ও হাজিডাঙা গ্রামে। তবে, ঘটনার কথা জানাজানি হতেই তৎপর হয় ব্লক প্রশাসন ও ব্লক মেডিকেল অফিস। জরুরি ভিত্তিতে বসানো হয় মেডিকেল ক্যাম্প। চিকিৎসার পর সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন  ব্লক মেডিকেল অফিসার তহসিন মকসুদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়গোগা গ্রামে চৈতন্য মহাপ্রভুর মন্দির আছে। প্রতিবছর সেখানে ধুমধাম করে পুজো ও কীর্তনের আয়োজন করা হয়। ওই উপলক্ষে মহোৎসবে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সোমবার ওই তিন গ্রামের প্রায় তিন হাজার বাসিন্দা মহোৎসবে অংশ নিয়েছিলেন। ‌কিন্তু তার মধ্যে ৩০০জন খিচুড়ি প্রসাদ খেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের অধিকাংশই ডায়ারিয়া ও খাদ্য বিষক্রিয়ার শিকার। তার প্রেক্ষিতে তিনটি গ্রামেই বসানো হয় মেডিকেল ক্যাম্প। অসুস্থদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওষুধ। যদিও একজন ছাত্রীকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ‌তবে ওষুধ খেয়ে সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন লাভপুরের বিএমওএইচ। তিনি বলেন, তিনটি গ্রামের বাসিন্দাদের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি মেডিকেল ক্যাম্প বসিয়ে অসুস্থদের ওষুধ দেওয়া হয়। তাতে সকলের সুস্থ হয়ে উঠেছেন। ‌হাসপাতালে ভর্তি থাকা ছাত্রীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে কী কারণে এতজন আক্রান্ত হল, তা জানতে খিচুড়ি প্রসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ