Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

লাভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: বীরভূম জেলায় বিজেপির ভাঙ্গন অব্যাহত। এবার লাভপুরের পাঁচটি অঞ্চলের প্রায় সাড়ে চারশো পরিবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করল। সংশ্লিষ্ট বিধানসভার ইন্দাস, বিপ্রটিকুরি, মহুদুরি, কুরুন্নাহার ও জামনা অঞ্চল থেকে এদিন কয়েক হাজার মানুষ ঘাসফুল শিবিরে যুক্ত হন। ‌তাঁদের মধ্যে রয়েছেন লাভপুরের জামনা পঞ্চায়েতের মণ্ডল সভাপতি সহদেব মণ্ডল। রবিবার দুপুরে ইন্দাসের লড্ডা মোড়ে ব্লক নেতৃত্বের উপস্থিতিতে সহদেববাবু সহ পাঁচটি অঞ্চলের বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।
Advertisement
অভিজিৎবাবু বলেন, বাংলার মানুষ বিজেপির এই ধাপ্পাবাজি অনেকদিন আগেই বুঝে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসা দিন দিন বাড়ছে। সেজন্য, বীরভূম জেলা ক্রমেই বিরোধীশূন্য হয়ে যাচ্ছে। এদিনের কর্মসূচিতে বিরোধী দলের কর্মীরা যেভাবে তৃণমূলে যোগদান করার পর উৎসাহ দেখিয়েছে, তাতে আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। 
যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ ওরফে অষ্টম মণ্ডল। তিনি বলেন, তৃণমূল এখন কুমির ছানার গল্পে মেতেছে। এগুলো ভাঁওতা ছাড়া কিছু নয়। যাঁরা প্রকৃতই বিজেপিকে সমর্থন করেন তাঁরা কোনও মতেই দলত্যাগ করবেন না। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল তা হাড়ে হাড়ে টের পাবে।
সম্পর্কিত সংবাদ