Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে আবাস যোজনায় একজনের বাড়ির টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে

লাভপুরে আবাস যোজনায় একজনের বাড়ির টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নাম তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও বাড়ি না পাওয়ার অভিযোগ উঠল লাভপুরে। এমনকী, প্রাপ্য টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে। বিভ্রান্তিকর এই ঘটনাটি ঘটেছে লাভপুর ব্লকের চৌহাট্টা মহোদরি এক নম্বর পঞ্চায়েতের মজুমদারডাঙায়। অভিযোগ পেয়েই লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক বিষয়টি নিয়ে উদ্যোগী হন। ওই ব্যক্তিকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন অভিযোগকারী রবাই হেমব্রম। জানা গিয়েছে, অভিযোগকারী রবাই হেমব্রম পেশায় দিনমজুর। মাটির বাড়িতেই তাঁর বসবাস। তিনি ২০১৮-১৯ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য লাভপুর ব্লক অফিসে আবেদন করেন। কিন্তু, একই সময়ে আবেদন করা প্রতিবেশীদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেলেও তাঁর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তিনি বাড়ির কাজ শুরু করতে পারছিলেন না। এরপর বিষয়টি তৎকালীন বিডিওকে বার বার জানানোর পরও কোনও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। এরপর ‌প্রতিবেশীদের সহায়তায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ওয়েবসাইটে খোঁজখবর নেওয়া শুরু করেন। ওয়েবসাইট মারফত জানতে পারেন, তিনি বাড়ি তৈরির টাকা পেয়ে গিয়েছেন। এমনকী, বাড়ির কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু কীভাবে এই কাণ্ড হল, তা বুঝতে পারছিলেন না রবাই। এরপর তথ্য জানার অধিকার আইনে তিনি আরটিআই করেন। সেখানেই জানতে পারেন তাঁর টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। বিষয়টি লাভপুর ব্লকের আধিকারিকদের জানান রবাই। ব্লক প্রশাসনের তরফে দ্রুত টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু, লম্বা সময় পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি।  জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, বিষয়টি জেলাশাসক বিধান রায়কে জানিয়েছি। তিনিও সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ