সংবাদদাতা শান্তিনিকেতন: ৬ ও ৪ বছর বয়সি দুই বোনের শ্লীলতাহানির অভিযোগে এক প্রতিবেশী যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকেলে লাভপুর থানার লাঘোষা গ্রামে এঘটনা ঘটে। রবিবার নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত একরামুল শেখকে পুলিস গ্রেপ্তার করে। সোমবার তাকে বোলপুর মহকুমা পকসো আদালতে তোলা হয়। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, শনিবার বিকেলে পেয়ারা দেওয়ার নাম করে একরামুল ওই দুই বালিকাকে ডেকে নিয়ে যায়। এরপর গ্রামের নির্জন স্থানে তাদের শ্লীলতাহানি করে। দুই বোন কাঁদতে শুরু করলে বিষয়টি তাদের পরিবার ও গ্রামবাসীদের নজরে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। লাভপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রবিবার লাভপুর থানায় অভিযোগ হলে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে।



