সংবাদদাতা, শান্তিনিকেতন: লেভেল ক্রসিং করে দিতে হবে নাহলে এলাকাবাসীদের যাতায়াত করতে দিতে হবে। এই দাবিতে সরব হলেন লাভপুরের গোরুর হাট সংলগ্ন একাধিক গ্রামের বাসিন্দারা। যদিও রেল সূত্রে জানা গিয়েছে, এখনই প্রহরীবিহীন স্থানে কোনও লেভেল ক্রসিং রাখা সম্ভব নয়। তাই আপাতত কিছুটা সমস্যার মধ্য দিয়েই ঘুরপথে যাতায়াত করতে হবে লাভপুরের গোরুর হাটসংলগ্ন বেশ কিছু গ্রামের বাসিন্দাদের।
Advertisement
কাটোয়া আমোদপুর রেলপথ আগে ন্যারোগেজ ছিল। কিন্তু তা রেলের জন্য আর্থিক ক্ষতির কারণ হচ্ছিল। পাশাপাশি সাধারণ মানুষেরও কোনও সুবিধা হচ্ছিল না। তাই সেই রুট ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়। তার ফলেই লাভপুরের একাধিক গ্রামের যাতায়াতের মূল রাস্তা পরিবর্তিত হয়ে গিয়েছে। গোরুর হাট সংলগ্ন ছোট গোগা, বড়ো গোগা সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সমস্যা দেখা দিয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্ক হাসপাতাল এমনকী বাসস্টপ যাওয়ার জন্য দীর্ঘ রাস্তা অতিক্রম করতে হচ্ছে। তবে ঘুরপথ এড়িয়ে রেল লাইনের উপর দিয়েই পারাপার করলে সহজেই বিভিন্ন স্থানে পৌঁছে যেতে পারতেন তারা। নিজেদের সুবিধার্থেই এই রেল রুটের উপর অস্থায়ী রাস্তা তৈরি হয়েছিল গ্রামবাসীদের স্বার্থে। কিন্তু তা অত্যন্ত বিপজ্জনক। সে কারণেই রেল লাইনের উপর দিয়ে অস্থায়ীভাবে যাতায়াতের এই রাস্তাটি নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়ার কাজ শুরু করে রেলদপ্তর। লাইনের দুই দিকে লোহার খুঁটি পুঁতে যাতায়াতের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। রেলের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তাঁরা সেখানে লেভেল ক্রসিংয়ের দাবি করেছেন। তা নাহলে বিকল্প পদ্ধতি প্রয়োগ করে ওই এলাকায় শর্টকাট রাস্তার ব্যবস্থা করে দিতে হবে। সেই কথাও জানিয়েছেন স্থানীয়রা। তবে রেল কর্তৃপক্ষের তরফে আপাতত প্রহরী বিহীন কোনও লেভেল ক্রসিং এই স্থানে রাখা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। যদিও রেল সূত্রে খবর, একাধিক এলাকায় এই ধরনের রাস্তার ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এলাকার বাসিন্দা স্বপন পাল, বাপি ঘোষ, রঞ্জন পাল বলেন, আমরা এই পথ দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারতাম। এখন ঘুরপথে যেতে হচ্ছে। লেভেল ক্রসিং করা হলে সুবিধা হবে।
এলাকার বাসিন্দা স্বপন পাল, বাপি ঘোষ, রঞ্জন পাল বলেন, আমরা এই পথ দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারতাম। এখন ঘুরপথে যেতে হচ্ছে। লেভেল ক্রসিং করা হলে সুবিধা হবে।



