পাটনা: নীতীশ কুমার জমানায় জঙ্গলরাজ! বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুযোগ পেলে এমনই অভিযোগ তোলে বিরোধীরা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খোদ রাজধানী পাটনায় চতুর্থ ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা আরও একবার প্রকট করে তুলল সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। এবার খুন হলেন এক আইনজীবী। বছর আটান্ন বয়সি জীতেন্দ্র কুমার মাহাতকে শহরের সুলতানপুর এলাকায় রাস্তার উপরে খুন করা হয়।
পাটনা পূর্বের এসপি পরিচয় কুমার জানিয়েছেন, চা খেয়ে ফেরার সময় তাঁর উপরে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই পুলিস আধিকারিক আরও জানিয়েছেন যে, ঘটনাস্থল থেকে তিনটি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। খুনের কারণ হিসেবে সম্ভাব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাহাত পেশায় আইনজীবী হলেও বছর দুয়েক আগে প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন। আর কোনও মামলা লড়তেন না। নিয়মিত িতনি এক জায়গায় চা খেতে যেতেন। সেখান থেকে ফেরার পথে হামলার শিকার হন।
পাটনা সিটি পুলিসের এএসপি সহ পদস্থ কর্তারা ঘটনাস্থলে ঘুরে যান। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ডেকে পাঠানো হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে আঁততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস।