Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্ণশ্রীতে ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু আইনজীবীর, তদন্তে পুলিশ

বেহালায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনভাবে মৃত্যু হল এক আইনজীবীর। পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা নয়নদীপ লাই (৫১) নামের ওই আইনজীবীকে পাশের বাড়ির জমিতে সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পর্ণশ্রীতে ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু আইনজীবীর, তদন্তে পুলিশ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালায় বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনভাবে মৃত্যু হল এক আইনজীবীর। পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা নয়নদীপ লাই (৫১) নামের ওই আইনজীবীকে পাশের বাড়ির জমিতে সোমবার সকালে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, তা স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়নদীপবাবু ও তাঁর স্ত্রী দু’জনেই আইনজীবী। একটি ল’ফার্ম রয়েছে তাঁদের। বাড়ির ছাদে ফুলগাছ রয়েছে। প্রতিদিন সকালে নয়নদীপবাবু ছাদে গিয়ে গাছে জল দিতেন। সোমবার সকালে মেয়ে পড়তে যায়। সঙ্গে যান স্ত্রীও। তখন বাড়িতে একাই ছিলেন নয়নদীপবাবু। সকাল ৮টা নাগাদ স্ত্রী বাড়ি ফিরে এসে স্বামীকে দেখতে পাননি। ফোন করলেও বেজে যাচ্ছিল। এ ঘর, ও ঘর খোঁজাখুঁজি করলেও মেলেনি তাঁকে। এর মধ্যেই কাজের লোক ও ফার্মের লোকজন এসে পড়েন। তাঁরাও উপরে গিয়ে খুঁজে পাননি আইনজীবীকে। পরে তাঁদের নজরে আসে, পাশের বাড়ির জমিতে পড়ে রয়েছেন নয়নদীপবাবু। রক্তে ভেসে যাচ্ছে মাটি। সঙ্গে সঙ্গেই তাঁরা বিষয়টি স্ত্রীকে জানান। ওখানে গিয়ে দেখা যায়, তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। তারা এসে ওই আইনজীবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ তদন্ত করতে ওই আইনজীবীর বাড়িতে যায়। তাঁরা ছাদে গিয়ে চারপাশ পরীক্ষা করেন। তবে বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 
তদন্তকারীরা জেনেছেন, ছাদে তিনি একাই ছিলেন। তাই কেউ তাঁকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দিয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, পা পিছলে নীচে পড়ে গিয়েছেন। অথবা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পরই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ