পুলিশ হেপাজতে আইনজীবীকে মারধর: ডিসির কাছে রিপোর্ট তলব আদালতের
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্লীলতাহানির ঘটনা, আটক এবং তার জেরে নিউ আলিপুর থানায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক আইনজীবী সহ দু’জনকে লকআপে নির্যাতন করার অভিযোগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এসএসকেএম হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ওই দু’জনের উপর ‘কাস্টডিয়াল ভায়োলেন্স’ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। থানার লকআপে আইনজীবী সৌরভ মল্লিক এবং তাঁর মক্কেল স্বরূপ দাসের উপর পুলিশি নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা সত্যিই হয়েছে কি না, তা জানতে ডিসি (সাউথ)’এর আছে রিপোর্ট তলব করল আলিপুর আদালত।  আগামী সাতদিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। 

Advertisement

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে চেতলার দুর্গাপুর ব্রিজে এক তরুণীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্বরূপ দাস ও জয় কুমার কামাথ নামে দু’জনকে আটক করে। স্বরূপ নির্দোষ, শ্লীলতাহানির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়—এই দাবি তুলে এরপরই নিউ আলিপুর থানায় চড়াও হয় একদল উন্মত্ত জনতা। সেখানে স্বরূপের আইনজীবী হিসাবে পৌঁছান সৌরভ মল্লিকও। অভিযোগ ওই সময় সৌরভকে বাধা দেওয়ার সঙ্গেই তাঁকে শারীরিকভাবেও হেনস্তা করে পুলিশ। এই পর্বেই পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে। পুলিশকে আক্রমণ ও থানায় চড়াও হওয়ার ঘটনায় সৌরভ, তাঁর মক্কেল স্বরূপ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়কে। 
পরিস্থিতি বিগড়ে যায় আইনজীবী সৌরভের গ্রেপ্তারের ঘটনায়। তাঁর হয়ে আলিপুর আদালতে আইনজীবীরা সওয়ালে বলেন, সৌরভ ঘটনায় জড়িত নন। তাহলে কেন তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি ঘোরালো হয়, এসএসকেএম হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ওই আইনজীবীর শরীরের আঘাতের চিহ্ন মেলায়। যদিও পুলিশের তরফে জমা দেওয়া বিদ্যাসাগর হাসপাতালের মেডিকাল রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, সৌরভের শরীরে আঘাত নেই। তাহলে সৌরভ মল্লিকের শরীরে কীভাবে আঘাত এল তাই নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবীরা। তাঁরা অভিযোগ করেন, বিদ্যাসাগর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ‘ম্যানেজ’ করে রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই কারণে নিউ আলিপুর থানা বাদে অন্য কোনো থানার তত্ত্ববধানে মেডিকেল পরীক্ষার দাবি তোলেন আইনজীবীরা। সেইমতো এসএসকেএম হাসপাতালে সৌরভবাবুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ওই রিপোর্টে চিকিৎসক উল্লেখ করেছেন, আইনজীবীর শরীরে আঘাত রয়েছে। এরপর আদালত তার অর্ডারে উল্লেখ করে অভিযুক্তের আইনজীবীরা অভিযোগ করেছেন, অভিযুক্ত সৌরভ মল্লিক ও স্বরূপ দাসকে হেফাজতে নির্যাতন করা হয়েছে। এসএসকেএমের রিপোর্টে উল্লেখ আছে, তাঁদের মারধর করা হয়েছে (পুলিশ মারধর করেছে)।