Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাটে পরিষেবা, সংকট কাটাতে ঢালাও নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের

শহরের মেট্রো পরিষেবা কার্যত লাটে উঠেছে! দিন দিন বেড়ে চলেছে মেট্রো সফরের অনিশ্চয়তা। অনিয়মিত হয়ে পড়ছে পরিষেবা

লাটে পরিষেবা, সংকট কাটাতে ঢালাও নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো পরিষেবা কার্যত লাটে উঠেছে! দিন দিন বেড়ে চলেছে মেট্রো সফরের অনিশ্চয়তা। অনিয়মিত হয়ে পড়ছে পরিষেবা। তিক্ত অভিজ্ঞতায় রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। সূত্রের খবর, প্রায় সমস্ত মেট্রো স্টেশন ও প্ল্যাটফর্ম পর্যাপ্ত সংখ্যক কর্মীর অভাবে ধুঁকছে। পর্যাপ্ত চালক না থাকার কারণেও অনিশ্চিয়তা চরমে পৌঁছেছে। কাউন্টার বন্ধ রেখে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে টোকেন কিংবা কিউ আর কোড যুক্ত টিকিট বিলির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রায়শই সেই মেশিন খারাপ থাকায় চূড়ান্ত হয়রান হতে হচ্ছে যাত্রীদের। এর মধ্যে আস্ত স্টেশন বসে যেতে শুরু করায় ‘কবি সুভাষ’ বন্ধই করে দিতে হয়েছে। এই অবস্থায় ২২ আগস্ট থেকে ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ রুট ও নোয়াপাড়া-বিমানবন্দর করিডরে যাত্রী পরিষেবা চালু হয়েছে। নর্থ-সাউথ মেট্রো থেকে থেকে কর্মী ধার করে সংশ্লিষ্ট রুটগুলিতে পাঠানো হচ্ছে। মেট্রোতে স্থায়ী নিয়োগ ঘিরে ঢিলেমির অভিযোগও রয়েছে কর্মীদের। এই আবহে পুজোর আগে পরিষেবা স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত কর্মীদের ঢালাও পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ইলেকট্রিক্যাল বিভাগের বিভিন্ন পদে ১৫৯ জন অবসরপ্রাপ্তকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজ, বৃহস্পতিবার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

যদিও প্রস্তাবিত এই নিয়োগ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আইএনটিটিইউসি অনুমোদিত মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি শুভাশিস সেনগুপ্ত সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, ‘যাত্রী পরিষেবার মান বাড়াতে আগে মেট্রোর ট্রাফিক বিভাগে নিয়োগ দরকার। এক্ষেত্রে স্থায়ী নিয়োগ না হলে অবসরপ্রাপ্তদের নেওয়া হোক।’ শুভাশিসবাবুর কথায়, ‘সামনেই দুর্গাপুজো। কেনাকেটা সহ বিভিন্ন কাজে বাড়তি ভিড় হবে মেট্রোতে। এভাবে অপেশাদার দৃষ্টিভঙ্গিতে মেট্রো পরিচালনা করলে গোটা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।’ তিনি মনে করিয়ে দেন, মেট্রোর কর্তাদের ‘কবি সুভাষ’ স্টেশন নিয়ে ইউনিয়নের তরফে আগাম সতর্ক করা হলেও তারা তা কানে তোলেনি। এখন লক্ষ লক্ষ যাত্রী রোজ তার খেসারত দিচ্ছেন।
 এদিকে, ১৫৯ জন অবসরপ্রাপ্তকে নিয়োগের বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, ৬৫ বছর পর্যন্ত প্রাক্তন রেলকর্মীরা এই কাজে যুক্ত থাকতে পারবেন। কাজে গাফিলতি কিংবা ত্রুটি ধরা পড়লে ১৫ দিনের নোটিসে চাকরি থেকে সরানো হবে। মাসিক বেতনে এই কর্মীরা কাজ করবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর কর্মজীবনের শেষ মূল বেতন থেকে বর্তমান মূল পেনশন বাদ দিয়ে যা দাঁড়াবে, মূলত সেই হিসেবেই মাইনে পাবেন তাঁরা। সেই সঙ্গে মেট্রোর পাশও  পাবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ