সংবাদদাতা, বনগাঁ: মর্মান্তিক! টোটোর পিছনে বাইকের ধাক্কা। আর তাতেই টোটোয় বসে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো দেড় মাসের কন্যা সন্তানের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালীতলা এলাকায় (পুরাতন বনগাঁ)। জানা গিয়েছে, এদিন সকালে দেড় মাসের মেয়ে বৃষ্টিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পূজা ঘোষ। সঙ্গে ছিলেন পূজার মা। চিকিৎসক দেখিয়ে ফেরার সময় নিজের বাড়িতে চলে যান পূজার মা। টোটো করে মেয়েকে নিয়ে একাই ফিরছিলেন পূজা। কালীতলা এলাকায় বাড়ির সামনে মেন রাস্তার পাশে টোটোটি ঘোরানোর সময় মায়ের কোলে ছিল ছোট্ট মেয়ে। সেই সময় আংরাইলের দিক থেকে একটি বাইক টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। টোটো রাস্তার পাশেই নিয়ন্ত্রণ হারায় । সেই সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশুটি। ঘটনায় শিশুর কান, নাক রক্ত বেরিয়ে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



