বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার, গ্রেপ্তার ১
  • ৫ নভেম্বর, ২০২৬ ১৪:৩১
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সামনেই দীপাবলি। সাধারণ মানুষরা বাজি ফাটিয়ে আনন্দ করেন দীপাবলির সময়। কিন্তু এই সময় মাথাচাড়া দিয়ে ওঠে বেআইনি বাজির কারবার। এই অবৈধ বাজির কারবার রুখতে তৎপর হয়েছে পুলিশ। আজ, বৃহস্পতিবার উলুবেড়িয়া থানার পুলিশ এসডিপিওর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানেই প্রায় ৪৫০ কেজি বেআইনি বাজি ও ৪০ কেজি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি বাজি তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতিও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই অবৈধ বাজিগুলিকে বাজেয়াপ্ত  করার নির্দেশ দিয়েছে।

Advertisement

বেশ কিছুদিন ধরেই বেআইনি বাজির খোঁজে রাজজুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সম্প্রতি অভিযান চালিয়ে হাওড়াতে অবৈধ বাজি পাচার রুখে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব বৈঠক করে বাজি পোড়ানো নিয়ে নির্দেশিকা জারি করেছিলেন। সবুজ বাজি ছাড়া বাকি কোনো বাজি পোড়ানো যাবে না। কালীপুজোর রাতে ৮টা থেকে ১০ পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এর পাশাপাশি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।