নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমকল আইন অনুযায়ী নিষিদ্ধ। তাই শহরে কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বুধবার কালীপুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা। তিনি বলেন, ‘কোথাও যাতে ফানুস বিক্রি বা ওড়ানো না হয়, সে বিষয়ে থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে হবে।’ ফানুস ওড়ালে তার উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। তার জেরেই যেখানে গিয়ে সেই ফানুসটি পড়ছে, সেখানে ছোটোবড়ো নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে এদিন কয়েকটি পুজো কমিটি এমনই আশঙ্কা প্রকাশ করে। সিপি বলেন, ‘পুলিশ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সবুজ বাজি প্রস্তুতকারকদের তালিকা পুজো কমিটিগুলিকে দিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র পরিবেশবান্ধব বাজিই পোড়ানো যাবে। একইসঙ্গে, নিষিদ্ধ শব্দবাজি পোড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা পুজো উদ্যোক্তাদের মনে করিয়ে দিয়েছেন লালবাজার প্রধান। তাঁর কথায়, পুজোর দিনে প্রতিটি থানার তরফে সাদা পোশাকের বিশেষ দল এলাকায় টহলদারি চালাবে। চকোলেট বোমা, কালীপটকা জাতীয় শব্দবাজি ফাটানোর অভিযোগ এলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশকর্তা।



