সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি আর কোটালের জলে নদীপাড়ের মাটি ক্ষয়ে যাচ্ছে। ফলে আয়মা সেতু নামে পরিচিত কাঠের সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীদের বক্তব্য, সেতুটি ভেঙে গেলে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যার মুখে পড়তে হবে। পুরাতন দামোদর নদীর দুই প্রান্তে থাকা শ্যামপুর ও ভগবানপুর গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করছে কাঠের সেতুটি।
স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের আগে এই পথে মানুষ নৌকায় পারাপার করত। এরপর ওই এলাকায় একটি কাঠের সেতু তৈরি করা হয়। সেতু দিয়ে পায়ে হেঁটে, সাইকেল, বাইক এবং টোটোয় চেপে মানুষ পারাপার করে। পরবর্তী সময়ে রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর কাঠের পাশে একটি ঢালাই সেতুর পরিকল্পনা করে। সেই মতো ২০২৩ সালে সেতুর শিল্যানাস করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। কিন্তু সেই ব্রিজের কাজ এখনও শেষ হয়নি। তাই কাঠের সেতু দিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে।
এদিকে, গত কয়েকদিনে নদীপাড়ের মাটি ক্ষয়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। তাঁদের বক্তব্য, মাটি ধস বন্ধ করতে না পারলে যে কোনওদিন কাঠের সেতুটি ভেঙে পড়বে। কাঠের সেতুটির রক্ষণাবেক্ষণ করার কাজে যুক্ত জয়ন্ত পাল জানান, মাটি ধসের বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানালেও কোনও কাজ হয়নি। এদিকে ক্রমাগত মাটি ধসেই যাচ্ছে। বিষয়টি নিয়ে সেচদপ্তরের সঙ্গে কথা বলা হবে বলে জানান শ্যামপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না। নিজস্ব চিত্র