সংবাদদাতা, কল্যাণী: রাস্তা খুঁড়ে জলের পাইপ বসাতে গিয়ে ধস নামল স্কুলের পাঁচিলে। শুক্রবার সকালে যা নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। ঘটনাটি হরিণঘাটা থানার বড়জাগুলির গোপাল অ্যাকাডেমি স্কুলের। কয়েকদিন ধরেই স্কুল লাগোয়া রাস্তা খুঁড়ে কেএমডিএ-র পক্ষ থেকে জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। সেখানে হঠাৎ করে একদিন কাজ চলাকালীন ধস নামে। যার জেরে ভেঙে যায় স্কুলের পাঁচিলের একটা অংশ। অভিভাবকদের অভিযোগ, পাইপ বসানোর জেরেই ভেঙেছে স্কুলের প্রাচীর। এদিন স্কুলে এসে বিষয়টি দেখতে পাওয়ার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। পড়ুয়াদের কথা ভেবে আশঙ্কা করছিলেন তাঁরা। পরে অভিভাবকরা টিচার ইনচার্জের ঘরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকদের দাবি ছিল, এখনই ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা। অভিভাবক রমা সরকার বলেন, পাঁচিল ধসে বিল্ডিংয়েও ফাটল ধরেছে। আমরা সুষ্ঠু সমাধান চাই। হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, আমি নিজে এলাকা পরিদর্শন করেছি। কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিজস্ব চিত্র



