নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুলের ঠাকুরানিচকে ফের বসে গেল দ্বারকেশ্বর নদের কংক্রিটের সেতু। বুধবার দুপুরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তারপরই দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিস মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। পথচারীদের যাতায়াতও নিষিদ্ধ করে প্রশাসন। তার জেরে হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের একাংশ বিপাকে পড়েছে। ঠাকুরানিচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি বলেন, গত বছর বর্ষার সময় সেতুর একাংশ বসে যায়। তখন পঞ্চায়েতের তরফে বিনামূল্যে খেয়া পরিষেবা দেওয়া হয়। কিছুদিন পর স্থানীয় বাসিন্দারা সেতু দিয়ে ফের যাতায়াত শুরু করেন। এদিন ফের সেখানে ধস নেমে বসে গিয়েছে। সেতুর মাঝামাঝি অংশ বর্তমানে বিপজ্জনক হয়ে রয়েছে। মেরামতির আর্জি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সুরাহা হয়নি।



